সন্ত্রাসী কায়দায় খুলনা প্রেসক্লাবে প্রবেশ করে সাংবাদিকদের হেনস্তা ও লাঞ্ছিত করা এবং আগামী ৩০ এপ্রিলের নির্বাচন বানচালের চেষ্টার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন পেশাজীবী সাংবাদিকরা।
সোমবার (২৭ এপ্রিল) সকালে খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক নেতারা অবিলম্বে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করতে হবে। অন্যথায় সাংবাদিক সমাজ আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবে।
মানববন্ধনে সাংবাদিকদের সঙ্গে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, অভিযুক্তরা যে দলেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আইনের আওতায় এনে দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে।
মানববন্ধনে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, শেখ দিদারুল আলম, মোহাম্মদ সানি, এস এম জাহিদ, তরিকুল ইসলাম, আশরাফুল আলম নুর, বেল্লাল হোসেন সজল, সোহাগ দেওয়ানসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
এ সময় উপস্থিত ছিলেন এনামুল হোসেন, মেহেদী মাসুদ খান, কামরুল আহসান, হাসানুর রহমান তানজির, ফকির শহিদ, কাজী আতিক, শামিম হোসেন, জাফর ইকবাল অপু, শরীফ মোল্লা, শহিদুল ইসলাম, মোসলেহ উদ্দিন তুহিনসহ আরও অনেকে।
মানববন্ধন চলাকালে টিভি ক্যামেরা জার্নালিস্টদের সদস্যরাও সংহতি জানিয়ে তাদের ক্যামেরা নিচে রেখে কর্মসূচিতে অংশ নেন।
প্রতিনিধি/আরএইচ