খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নগরীর নিরালা আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দক্ষিণ নিরালা ১০ নম্বর রোডের বাসিন্দা বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার মো. সবুজ (৪১)। তাঁরা পেশায় দর্জি এবং নগরীর আক্তার চেম্বারের একটি টেইলার্সে কাজ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বিশ্বজিত কুমার বসু জানান, এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। গ্রেপ্তার হওয়া দুজন অজ্ঞাতনামা আসামির তালিকায় ছিলেন। ঘটনার পর প্রেসক্লাবের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তাঁদের শনাক্ত করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত। ঘটনার পর থেকে তাঁরা পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। তবে জিজ্ঞাসাবাদে তাঁরা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে কোনো তথ্য দেননি।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুজন দাবি করেছেন, ঘটনার দিন তাঁরা ওই পথ দিয়ে বাড়ি ফিরছিলেন। তবে সিসিটিভি ফুটেজে তাঁদের উপস্থিতির ব্যাখ্যা সন্তোষজনকভাবে দিতে পারেননি। আজ তাঁদের আদালতে পাঠানো হবে।
উল্লেখ্য, গত রোববার খুলনা প্রেসক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলাকালে কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপতি প্রার্থী ও দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে গালিগালাজ শুরু করেন। এ সময় একটি বেসরকারি টেলিভিশনের খুলনা প্রতিনিধি তারিকুল ইসলাম বিষয়টি জানতে চাইলে তাঁর ওপর হামলা চালানো হয়।
প্রতিনিধি/একে