ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ এপ্রিল ২০২৬ | ১৫ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৬:৪২
চলমান বার্তা:
পারমাণবিক যুগে বাংলাদেশ, রূপপুরে জ্বালানি লোডিং শুরু
এম এস রহমান, পাবনা
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ১৬:৪২ আপডেট: ২৮.০৪.২০২৬ ১৬:৪৫  (ভিজিটর : )

অবশেষে সব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে বিশ্ব পরমাণু ক্লাবে (নিউক্লিয়ার ক্লাব) প্রবেশ করল। 

মঙ্গলবার বিকেলে ঈশ্বরদীতে দেশের প্রথম এই বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের ৩৩তম দেশ হিসেবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় নাম লেখাল।

বেলা সাড়ে তিনটার দিকে প্রকল্প এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করেন আমন্ত্রিত অতিথিরা। ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি করপোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। 

এছাড়া আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রসি ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য দেন।

অনুষ্ঠানে মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপত্তা নিশ্চিত করে দ্রুততম সময়ে প্রকল্পটি চালু করার লক্ষ্যে কাজ করা হয়েছে। আজ সেই মাহেন্দ্রক্ষণ। এই জ্বালানি লোডিং বাংলাদেশের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি শুধু বিদ্যুৎ উৎপাদনই করবে না, বরং দেশের প্রযুক্তিগত সক্ষমতা ও শিল্পায়নের ভিত্তি আরও মজবুত করবে। টেকসই উন্নয়নের জন্য পরিচ্ছন্ন জ্বালানির কোনো বিকল্প নেই।

উপদেষ্টা রেহান আসিফ আসাদ তার বক্তব্যে দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, রূপপুর প্রকল্প আন্তর্জাতিক সহযোগিতা ও দেশীয় সক্ষমতার এক অনন্য প্রতিফলন। এটি দেশের জ্বালানি নিরাপত্তায় বড় পরিবর্তন নিয়ে আসবে। 

অন্যদিকে, রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ বাংলাদেশের মানুষের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করে বলেন, এখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ নিরাপত্তা মানদণ্ড বজায় রাখা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনাসহ ভবিষ্যতে সব ধরনের কারিগরি সহায়তায় রাশিয়া পাশে থাকবে।

প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং সম্পন্ন করতে ৪০ থেকে ৪৫ দিন সময় লাগবে। এরপর বিভিন্ন পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা শেষে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রাথমিক পর্যায়ে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত হবে। 

এর আগে গত ১৬ এপ্রিল পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা) প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স প্রদান করায় জ্বালানি লোডিংয়ের পথ প্রশস্ত হয়।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান জানান, কেন্দ্রটি পরিচালনার জন্য ৫২ জন বিশেষজ্ঞ সফলভাবে লাইসেন্স পেয়েছেন। রুশ বিশেষজ্ঞদের পাশাপাশি এই লাইসেন্সপ্রাপ্ত অপারেটররাই কেন্দ্রটি পরিচালনা করবেন। 

কর্মকর্তাদের তথ্যমতে, প্রতি মাসে ১০ থেকে ১৫ শতাংশ হারে উৎপাদন বাড়বে এবং পূর্ণাঙ্গ ১২০০ মেগাওয়াট উৎপাদন পেতে ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে। বছরের শেষ নাগাদ দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিংয়ের পরিকল্পনা রয়েছে।

১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর ব্যবহার করা হয়েছে। দুটি ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে এখান থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট চাহিদার ১০ শতাংশের বেশি পূরণ করবে বলে আশা করা হচ্ছে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
হরমুজকে প্রাধান্য দিয়ে তিন ধাপের সংলাপ চায় ইরান
হরমুজকে প্রাধান্য দিয়ে তিন ধাপের সংলাপ চায় ইরান
দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
দেশে ডিজেলের মজুত কত, জানালেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
ভুটানে সীমান্তবর্তী এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
ভুটানে সীমান্তবর্তী এলাকায় জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ঘিরে সাজ সাজ রব
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি লোডিং ঘিরে সাজ সাজ রব
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg