ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ৫ মে ২০২৬ | ২২ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৮:০৯
চলমান বার্তা:
সাতক্ষীরায় আম সংগ্রহ শুরু, লক্ষ্যমাত্রা ৭০ হাজার টন
শেখ ফরিদ আহমেদ ময়না, সাতক্ষীরা
প্রকাশ: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১৬:০১  (ভিজিটর : )

সাতক্ষীরার বিখ্যাত ও সুস্বাদু আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। পূর্বঘোষিত ‘ম্যাংগো ক্যালেন্ডার’ অনুযায়ী আজ মঙ্গলবার (৫ মে) সকালে সদর উপজেলার ফিংড়ি আম্রকাননে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই আম পাড়া উৎসবের উদ্বোধন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্ণব দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আম সংগ্রহের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কাশেম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল বলেন, সাতক্ষীরার মাটি ও আবহাওয়া আম চাষের জন্য অত্যন্ত অনুকূল। সারা দেশের মধ্যে সাতক্ষীরার আম সবার আগে বাজারে আসে, তাই এর চাহিদাও অনেক। দেশের গণ্ডি পেরিয়ে যুক্তরাষ্ট্র ও চিলিসহ বিভিন্ন দেশে এই আম রপ্তানি হচ্ছে। সাতক্ষীরার আমের এই ঐতিহ্য ধরে রাখতে হবে। কোনোভাবেই কেমিক্যালযুক্ত বা অপরিপক্ব আম বাজারজাত করা যাবে না।

কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত বছর জেলায় ৪ হাজার ১৩৭ হেক্টর জমিতে ৬৬ হাজার ২৫০ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। এ বছর ৪ হাজার ১৪০ হেক্টর জমিতে আম চাষ হয়েছে এবং উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭০ হাজার ৩৮০ মেট্রিক টন। জেলায় মোট আমবাগান রয়েছে ৩ হাজার ৫৫০টি এবং চাষির সংখ্যা প্রায় সাড়ে ১২ হাজার।

তবে আমের দাম নিয়ে উদ্বেগের কথা জানিয়েছেন চাষিরা। আবু সাঈদ নামে এক আমচাষি বলেন, গত বছর প্রতি মণ আম ২ হাজার ৮০০ থেকে ৩ হাজার টাকায় বিক্রি হয়েছিল। এ বছর বাজার সিন্ডিকেটের কারণে তা ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় নেমে এসেছে। এতে আমরা লোকসানের মুখে পড়ার আশঙ্কায় আছি। জেলায় আমের বাজার আরও সম্প্রসারণ করা জরুরি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম সাতক্ষীরার হিমসাগর আমের স্বাদের প্রশংসা করে বলেন, জেলায় আম চাষির সংখ্যা দিন দিন বাড়ছে। তবে সেপ্টেম্বর পর্যন্ত আম টিকিয়ে রাখতে রাজশাহী বা চাঁপাইনবাবগঞ্জের মতো দীর্ঘমেয়াদি জাতের আমের চাষ বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরও জানান, বাজার সিন্ডিকেট নিয়ন্ত্রণে প্রশাসন নিয়মিত মনিটরিং করবে। ইতোমধ্যে কয়েক টন কেমিক্যাল মিশ্রিত আম ধ্বংস করা হয়েছে। 

এছাড়া সাতক্ষীরায় একটি অত্যাধুনিক আম প্রসেসিং সেন্টার করার জন্য সরকারের উচ্চপর্যায়ে সুপারিশ করা হবে বলেও তিনি জানান।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা প্লাবনী সরকার। আজ প্রথম দিনেই সাতক্ষীরার বাজারে উঠেছে গোবিন্দভোগ, গোপালভোগ ও বৈশাখীসহ স্থানীয় জাতের আম।

প্রতিনিধি/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
এক বছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
‘পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট’
‘পশ্চিমবঙ্গে যে সরকারই আসুক আমাদের ফরেন পলিসি বাংলাদেশ ফার্স্ট’
‘শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত’
‘শাপলা চত্বর হত্যাকাণ্ডে ৫৮ নিহতের পরিচয় শনাক্ত’
চলতি বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন
চলতি বছরের শেষ দিকে স্থানীয় নির্বাচন
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg