প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও বাস্তব সমস্যার ডিজিটাল সমাধান খোঁজার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী আইডিয়াভিত্তিক প্রতিযোগিতা ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’। বিশ্ববিদ্যালয়ের আইটি সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় দেশের ১৯টি বিশ্ববিদ্যালয়ের ৫৩টি দল অংশ নেয়।
গতকাল সোমবার (৪ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়।
এতে প্রাথমিক বাছাইয়ে টিকে থাকা সেরা পাঁচটি দল তাদের উদ্ভাবনী ধারণা (পিচ) উপস্থাপন করে। চূড়ান্ত ফলাফলে গাকৃবির দল ‘ভলটিক্স’ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে একই বিশ্ববিদ্যালয়ের ‘ফোকাস ইনোভেটর’ এবং দ্বিতীয় রানার-আপ হয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত দল ‘ফিনিক্স’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক জি কে এম মোস্তাফিজুর রহমান।
তিনি বলেন, আধুনিক বিশ্বের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের বিকল্প নেই। শিক্ষার্থীদের এমন সৃজনশীল উদ্যোগ ভবিষ্যতের বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বিশেষ করে কৃষিক্ষেত্রে ‘প্রিসিশন এগ্রিকালচার’ বা নির্ভুল কৃষিতে প্রযুক্তির ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক মো. সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মোহাম্মদ শরিফ রায়হান।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. মসিউল ইসলাম, ড. সাত্ত্বিকেশ পাল এবং বি এম রোকনুজ্জামান লাভা। অনুষ্ঠানের অংশ হিসেবে ‘সকলের জন্য উদ্ভাবন ও টেকনোলজি’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রযুক্তির সহজলভ্যতা ও সামাজিক প্রয়োগ নিয়ে আলোচনা করেন বিশেষজ্ঞরা। আলোচনাটি সঞ্চালনা করেন আইটি সোসাইটির সাধারণ সম্পাদক রন্দ্রনীল মণ্ডল।
আয়োজকরা জানান, ‘ইমপ্যাক্ট চ্যালেঞ্জ’ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও ডিজিটাল সমস্যা সমাধানের দক্ষতা বৃদ্ধিতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন অতিথিরা।
প্রতিনিধি/একে