সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে (নাসিক) অন্তর্ভুক্ত করার দাবিতে কুতুবপুর ইউনিয়ন নাসিক বাস্তবায়ন কমিটির ব্যানারে স্মারকলিপি প্রদান ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, কুতুবপুর ইউনিয়নটি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন বহুল পরিচিত ও ঘনবসতিপূর্ণ একটি ইউনিয়ন। ইউনিয়নটির আয়তন ৩৬৪৭ একর এবং বর্তমান জনসংখ্যা প্রায় ১০ লক্ষ। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ৬৯৯৭ জন। এখানে বসবাসরত অধিকাংশ মানুষ অকৃষি পেশায় নিয়োজিত।
তারা আরও বলেন, ঢাকার পার্শ্ববর্তী এই এলাকাটি কালের বিবর্তনে একটি ঘনবসতিপূর্ণ নগর এলাকায় পরিণত হয়েছে। এখানে বহুতল ভবন, স্কুল, কলেজ, হাসপাতাল, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় কলেজ, সরকারি ও আধা-সরকারি অফিস-আদালত, নৌ-বাহিনী ও ফায়ার সার্ভিস অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে উঠেছে। পাশাপাশি দেশের শীর্ষ গার্মেন্টস সেক্টর এবং বিভিন্ন ভারী শিল্প-কলকারখানাও রয়েছে। এখানে খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, পাগলা মেরি অ্যান্ডারসন পর্যটন এলাকা, আলীগঞ্জ খেলার মাঠ এবং ব্রিটিশ আমলের পাগলা নাথের মন্দিরও অবস্থিত। ইউনিয়নটি উত্তর ও পশ্চিমে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কদমতলী ও কেরানীগঞ্জ থানা এবং পূর্ব ও দক্ষিণে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জ সদর থানার সীমানা ঘেঁষে অবস্থিত হওয়ায় প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের যাতায়াত রয়েছে।
বক্তারা বলেন, এখানে প্রতিদিনের ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা না থাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে।
এছাড়া অপরিকল্পিতভাবে বহু ৫ ও ১০ তলা ভবন নির্মাণ করা হয়েছে। উন্নত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা ইউনিয়ন পরিষদের সীমিত বাজেটে সমাধান করা সম্ভব নয়।
তারা আরও বলেন, দেশের অনেক পৌরসভায় যেখানে ভোটার সংখ্যা ৩০ থেকে ৪০ হাজার, সেখানে কুতুবপুর ইউনিয়নে প্রায় দুই লক্ষাধিক ভোটার রয়েছে। এখানে ওয়াসার পানি সরবরাহ থাকলেও নিষ্কাশনের ব্যবস্থা নেই। পৌরসভার সমান হারে জমির খাজনা দিলেও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা।
বক্তারা আরও জানান, গত ৬/১০/২০২৫ তারিখে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে কুতুবপুর ইউনিয়নের তিনটি ওয়ার্ডকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়, যা এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি করে।
তাদের দাবি, স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩ ধারায় উল্লেখিত মানদণ্ড অনুযায়ী কুতুবপুর ইউনিয়ন বহু আগেই পৌরসভা বা সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। তাই সম্পূর্ণ কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়।
এ সময় বক্তারা আরও বলেন, এটি কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং জনগণের বৃহত্তর স্বার্থে এ দাবি জানানো হচ্ছে।
অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন নাসিক বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাজী মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য সচিব এস এম কাদির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল হক জমাদ্দার, সুমন প্রমুখ।
প্রতিনিধি/আরএইচ