প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করতে ফরিদপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে শহরের নতুন ক্যাম্পাসে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়াব ইউসুফ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তারা যৌথভাবে বেলুন ও পায়রা উড়িয়ে কেন্দ্রটির উদ্বোধন ঘোষণা করেন।
এ সময় প্রধান অতিথি ও সভাপতিকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয় এবং জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার।
সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শিক্ষার প্রসারে অঙ্গীকারবদ্ধ এবং সেই লক্ষ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে উচ্চশিক্ষা ব্যবস্থাকে আরও সম্প্রসারণ ও আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এসময় সভাপতির বক্তব্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেশনজটমুক্ত প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ চলছে।
তিনি বলেন, অধিভুক্ত কলেজগুলোর প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম সহজতর করার ধারাবাহিকতায় ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মো. শহিদুল ইসলাম বাবুল এবং প্রফেসর ড. এ টি এম জাফরুল আজম। সরকারি রাজেন্দ্র কলেজ-এর বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহিনুর ইসলাম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ, ফরিদপুরের পুলিশ সুপার, জাতীয়তাবাদী দলের স্থানীয় নেতৃবৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন কলেজের অধ্যক্ষ ও গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এই আঞ্চলিক কেন্দ্র চালুর ফলে ফরিদপুরসহ আশপাশের জেলার অধিভুক্ত কলেজগুলোর প্রশাসনিক কার্যক্রম দ্রুততর হবে এবং শিক্ষার্থী ও শিক্ষকদের ভোগান্তি অনেকাংশে কমবে।
প্রতিনিধি/আরএইচ