ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ৭ মে ২০২৬ | ২৪ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৯:৫২
চলমান বার্তা:
সয়াবিন গবেষণায় গতি আনতে জাতীয় উদ্যোগ চান গাকৃবি উপাচার্য
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১৮:২১  (ভিজিটর : )

দেশে সয়াবিন উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা কমানো এবং গবেষণাকে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত করতে জাতীয় পর্যায়ে সমন্বিত কনসোর্টিয়াম গঠনের আহ্বান জানিয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।

বৃহস্পতিবার সকালে গাকৃবির এগ্রোমেটিওরোলজি বিভাগের কনফারেন্স রুমে অনুষ্ঠিত “সয়াবিন গবেষণা” বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

গাকৃবির এগ্রোনমি বিভাগের উদ্যোগে এবং সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া ও গ্রামীণ ইউগ্নেনা’র সহায়তায় কর্মশালার আয়োজন করা হয়।

উপাচার্য বলেন, “সয়াবিন এমন একটি খাদ্যশস্য যাতে প্রায় ৪০ শতাংশ প্রোটিন রয়েছে, যা মানবদেহ ও প্রাণিখাদ্যের পুষ্টি চাহিদা পূরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।” তিনি আরও বলেন, “এত গুণাগুণ থাকা সত্ত্বেও দেশে সয়াবিনের সহজলভ্যতা এখনও প্রত্যাশিত পর্যায়ে পৌঁছেনি। এ খাতকে এগিয়ে নিতে জাতীয় পর্যায়ে সমন্বিত কনসোর্টিয়াম গঠন প্রয়োজন।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এগ্রোনমি বিভাগের সাবেক অধ্যাপক ও দেশের সয়াবিন গবেষণার পথিকৃৎ ড. এম. আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির প্রো-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। এছাড়া সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার বাংলাদেশের সাপ্লাই চেইন প্রধান মোহাম্মদ মজিবুল হকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং আইইউবিএটির শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। 

কর্মশালায় অংশগ্রহণকারীরা সয়াবিনের পুষ্টিগুণ, উৎপাদন সম্ভাবনা, গবেষণার অগ্রগতি এবং কৃষিভিত্তিক অর্থনীতিতে এর গুরুত্ব নিয়ে আলোচনা করেন। বক্তারা জানান, দেশে সয়াবিনের বাৎসরিক চাহিদা প্রায় ১৬ লাখ মেট্রিক টন হলেও উৎপাদিত হয় মাত্র ৩ থেকে ৪ লাখ মেট্রিক টন। ফলে প্রতি বছর প্রায় ৫৬ হাজার কোটি টাকার সয়াবিন ও সংশ্লিষ্ট পণ্য আমদানি করতে হয়। আলোচনায় উঠে আসে, নোয়াখালী, ভোলা ও লক্ষ্মীপুরের চরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় বর্তমানে প্রায় ৬৮ হাজার হেক্টর জমিতে সয়াবিন চাষ হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করেন, আধুনিক গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করা গেলে সয়াবিন উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হওয়ার পাশাপাশি রপ্তানিমুখী দেশেও পরিণত হতে পারে।

উপাচার্য আরও বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির কারণে সয়াবিন গবেষণায় নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে এবং গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। কর্মশালার দ্বিতীয় পর্বে কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. এম. এ মান্নান ভেজিটেবল সয়াবিন নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। এছাড়া শিক্ষার্থীরা গত এক বছরে পরিচালিত বিভিন্ন গবেষণার ফলাফল ও ভবিষ্যৎ উন্নয়ন কৌশল তুলে ধরেন। আয়োজকরা জানান, গাকৃবির কৃষিতত্ত্ব বিভাগ এ পর্যন্ত ছয়টি ভিন্ন বৈশিষ্ট্যের সয়াবিনের জাত উদ্ভাবন করেছে। প্রাণবন্ত আলোচনা ও গবেষণাভিত্তিক উপস্থাপনার মধ্য দিয়ে কর্মশালাটি জ্ঞান বিনিময়ের একটি কার্যকর প্ল্যাটফর্মে পরিণত হয়।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন শুরু
কলাপাড়ায় ৪৫ বছর পর স্বনির্ভর খাল পুনঃখনন শুরু
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
ট্রাম্পের হুমকির পর ফের বাড়ল তেলের দাম
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
রাজধানীর সব বাসায় সোলার বসানোর উদ্যোগ সরকারের
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg