‘দক্ষ নারী শক্তি, খামারের উন্নতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে ঝিকরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট (বিডিএফপি) যশোরের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন গ্রামের ১০০ জন নারী খামারি অংশ নেন।
ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্ট যশোরের আঞ্চলিক ব্যবস্থাপক ডা. মাহাবুব হাসানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. সিদ্দিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের পুষ্টি নিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিতে নারী খামারিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবাদিপশুর গুটি বসন্ত ও ক্ষুরা রোগ প্রতিরোধে সময়মতো টিকা প্রদান এবং খামারের জৈব নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে যাচ্ছে বলেও জানান।
বিশেষ অতিথি ঝিকরগাছা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুমা আখতার খামারিদের উন্নত জাতের ঘাস চাষ, সুষম খাদ্য প্রস্তুত, আধুনিক পদ্ধতিতে দুধ দোহন ও সংরক্ষণ বিষয়ে হাতে-কলমে ধারণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আশিকুর রহমান, ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের এলাকা ব্যবস্থাপক আসিফ মাহমুদ ও সোহেল রানা এবং ভেটেরিনারি সার্জন ডা. আফতাব উদ্দিন রুমি।
প্রশিক্ষণে গাভীর জাত উন্নয়ন, কৃত্রিম প্রজনন, বাছুরের পরিচর্যা, রোগ প্রতিরোধ, খামারের বর্জ্য ব্যবস্থাপনা এবং দুধ বাজারজাতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। খামারিরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে বিশেষজ্ঞরা তাৎক্ষণিক পরামর্শ ও সমাধান দেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া নাভারণ গ্রামের খামারি রাশিদা বেগম বলেন, “আগে না বুঝে গরু পালন করতাম। আজ অনেক কিছু শিখলাম। এখন রোগ হলে কী করতে হবে এবং কীভাবে বেশি দুধ পাওয়া যাবে, তা বুঝতে পারছি।”
সভাপতির বক্তব্যে ডা. মাহাবুব হাসান বলেন, নারী খামারিদের দক্ষ করে তুলতে পারলে খামারের উৎপাদন বাড়বে। ব্র্যাক নিয়মিত মাঠপর্যায়ে প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম পরিচালনা করছে এবং একজন নারী খামারিও যেন তথ্য ও সেবার বাইরে না থাকে, সে লক্ষ্যেই কাজ করা হচ্ছে।
আয়োজকরা জানান, প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা ভবিষ্যতে নিজ নিজ এলাকায় অন্য খামারিদের পরামর্শ দিয়ে ‘লিড ফার্মার’ হিসেবে কাজ করবেন। এর মাধ্যমে পুরো এলাকার ডেইরি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।
প্রতিনিধি/আরএইচ