পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এই ছুটি শুরু হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ছুটির এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। অর্থাৎ আগামী বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই ছুটি চলবে পরবর্তী চার সপ্তাহ পর্যন্ত। আগামী ১৫ জুন থেকে যথানিয়মে পুনরায় ক্লাস শুরু হবে।
তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম বা অফিসগুলোর জন্য ভিন্ন মেয়াদে ছুটি ঘোষণা করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগামী ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত মোট ১৬ দিন বিশ্ববিদ্যালয়ের অফিসগুলো বন্ধ থাকবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এই ছুটির অনুলিপি উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সব অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং হল প্রভোস্টসহ সংশ্লিষ্ট ১৮টি দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠিয়েছে। দীর্ঘ এই ছুটিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের অবস্থানের বিষয়ে সংশ্লিষ্ট হল প্রশাসন থেকে পরবর্তীতে নির্দেশনা দেওয়া হতে পারে বলে জানানো হয়েছে।
প্রতিনিধি/একে