সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দর থেকে এক লাখ টন অপরিশোধিত তেল (ক্রুড) নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে ‘এমটি ফসিল’ নামের জাহাজ।
২৪৮ দশমিক ৯৬ মিটার লম্বা, পানামার পতাকাবাহী ‘এমটি ফসিল’ সোমবার (১১ মে) বাংলাদেশ সময় সন্ধ্যায় জাহাজটি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা শুরু করে বন্দরের বহির্নোঙরে পৌঁছেছে শুক্রবার (২২ মে) ভোররাতে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর এটি বাংলাদেশে ক্রুডের দ্বিতীয় চালান।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন একমাত্র রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল থেকে এলপিজি, পেট্রল, অকটেন, কেরোসিন, ডিজেল ও ফার্নেসসহ ১৬ ধরনের তেল জাতীয় পণ্য পাওয়া যায়।
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ক্রুড অয়েলের মজুত শেষ হওয়ায় গত ১২ এপ্রিল রাতে ইস্টার্ন রিফাইনারির ক্রুড অয়েল ডিস্টিলেশন ইউনিট সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।
যদিও এ সময় সিঙ্গাপুর ও মালয়েশিয়া থেকে লাখ লাখ টন পরিশোধিত ডিজেল, অকটেন নিয়ে একের পর এক জাহাজ ভিড়েছে বন্দরে। ফলে জ্বালানি সংকট দ্রুত কেটে যায়।
রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি সূএ জানায়,কাস্টমস ও সার্ভেয়ার কোম্পানির আনুষ্ঠানিকতা শেষে শুরু হবে লাইটারিং বা ছোট ছোট ট্যাংকার জাহাজে নগরের পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে নিয়ে আসার কাজ। এ কাজের জন্য প্রয়োজনীয় সংখ্যক লাইটার জাহাজ প্রস্তুত রয়েছে। ইয়ানবু বন্দরে আরেকটি জাহাজে বিপিসির জন্য প্রায় এক লাখ টন ক্রুড অয়েল ৩০ মে লোড করার প্রক্রিয়া চূড়ান্ত হয়েছে ।
ইস্টার্ন রিফাইনারির মহাব্যবস্থাপক (অপারেশন অ্যান্ড প্ল্যানিং) মো. মোস্তাফিজার রহমান বলেন, এমটি ফসিল বহির্নোঙরে পৌঁছেছে। লাইটারিংয়ের প্রক্রিয়া চলছে।
সূত্র জানায়, ‘নর্ডিকস পলাক্স’ জাহাজে বিপিসির ১ লাখ টন অপরিশোধিত তেল দেশে আনার জন্য লোড করা থাকলেও হরমুজ প্রণালী কার্যত বন্ধ থাকার কারণে সৌদি আরবের পূর্বাঞ্চলের রাস তানুরা বন্দরে আটকা পড়ে আছে। বিকল্প উৎস হিসেবে সৌদি আরবের লোহিত সাগর উপকূলের ইয়ানবু বন্দর থেকে ক্রুড অয়েল আনার উদ্যোগ নেওয়া হয়। তারই অংশ হিসেবে এক লাখ টনের বেশি ক্রুড নিয়ে ‘এমটি নিনেমিয়া’ গত ২১ এপ্রিল সকাল ৬টায় যাত্রা শুরু করে। ৬ মে দুপুরে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নোঙর ফেলে এবং সফল ভাবে লাইটারিং করে পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে তেল খালাস করা হয়। এরপর চালু হয় ইস্টার্ন রিফাইনারি।
প্রতিনিধি/আরএইচ