‘ন্যায্য জ্বালানি রূপান্তর ও সুরক্ষিত প্রকৃতি গড়বো, আগামীর বাসযোগ্য পৃথিবী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উপলক্ষে দিনাজপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি)-এর অর্থায়নে দিনাজপুর শহরের উত্তর গোশাইপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাথী সংস্থার সভাপতি মো. ইয়াকুব আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব সিরাজ-উদ-দৌলা। বিশেষ অতিথি ছিলেন এসআইডিপি সংস্থার নির্বাহী পরিচালক মো. আফসার আলী, বিবিডিএসের নির্বাহী পরিচালক ডিএসএম জিল্লুর রহমান এবং সহকারী শিক্ষক মিতালী রায়।
প্রধান অতিথির বক্তব্যে নবাব সিরাজ-উদ-দৌলা বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে উদ্যোক্তাদের উৎসাহিত করতে হবে। বর্তমানে দেশের মোট জ্বালানি চাহিদার প্রায় ৯৭ শতাংশ জীবাশ্ম জ্বালানির মাধ্যমে পূরণ হচ্ছে। তাই সৌরবিদ্যুৎসহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি জাতীয় বাজেটে এ খাতের জন্য পৃথক ও পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে। তিনি সরকারের ঘোষিত ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন কর্মসূচির দ্রুত ও কার্যকর বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা বলেন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি কার্বন নিঃসরণ কমাতে এবং টেকসই উন্নয়ন অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণ, সবুজ পৃথিবী গঠন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিভিন্ন চিত্র উপস্থাপন করেন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ