প্রায়ই বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যের কারণে আলোচনায় থাকেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। কখনো নিজের ব্যক্তিগত জীবন, আবার কখনো সহশিল্পীদের নিয়ে মন্তব্য করায় ঢাকাই চলচ্চিত্রের এই অভিনেত্রীকে ঘিরে তৈরি হয় নানা আলোচনা-সমালোচনা।
এরই ধারাবাহিকতায় গতকাল রোববার (৭ জুন) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন তিনি। সেখানে নিজের অবস্থান ব্যাখ্যা করার পাশাপাশি সমালোচকদের কড়া বার্তা দিয়েছেন এই অভিনেত্রী।
ফেসবুক স্ট্যাটাসে মিষ্টি জান্নাত লেখেন, অনেকের ধারণা তিনি অন্যদের নিয়ে কথা বলে সব সময় প্রাসঙ্গিক থাকার চেষ্টা করেন।
তবে এই ধারণাটি সঠিক নয় দাবি করে তিনি বলেন, তিনি সবসময় নিজের কাজ, কণ্ঠ এবং পরিচয়ের মাধ্যমেই ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত বা দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু মানুষ তাকে নিয়ে আলোচনা করে সম্পূর্ণ তার নিজের কারণে, অন্য কারও পরিচয়ে বা কারণে নয়।
একই স্ট্যাটাসে মিষ্টি জান্নাত আরও স্পষ্ট করে বলেন, তিনি কখনো ট্রেন্ডের পেছনে ছুটে বেড়ান না, বরং নিজের পথ নিজেই তৈরি করেন এবং পরবর্তীতে সেই পথ অনুসরণ করেই নতুন আলোচনা বা ট্রেন্ডের সৃষ্টি হয়। স্ট্যাটাসের সবশেষে সমালোচক ও ভক্ত সবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছেন এই অভিনেত্রী।
প্রসঙ্গত, সম্প্রতি চিত্রনায়িকা শবনম বুবলীর সন্তানকে ঘিরে দেওয়া একটি ফেসবুক পোস্টের কারণে নতুন করে আলোচনায় আসেন মিষ্টি জান্নাত। এর আগেও বিভিন্ন সমসাময়িক ইস্যুতে মন্তব্য করে একাধিকবার বিতর্কের কেন্দ্রে ছিলেন তিনি।
দেশবার্তা/একে