বিশ্বকাপের প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে চরম হোঁচট খেয়েছে ব্রাজিল। মাঠ ছাড়তে হয়েছে ১-১ গোলের সমতায়। দলের এমন অপ্রত্যাশিত ফলের পর সেলেসাওদের পারফরম্যান্স নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। বিশেষ করে ম্যাচের প্রথমার্ধে দলের এলোমেলো খেলাকে কঠোর ভাষায় সমালোচনা করেছেন তিনি।
ম্যাচ শেষে নিজের ক্ষোভ ও হতাশা লুকাতে পারেননি দানিলো। তিনি বলেন, ‘প্রথমার্ধে আমাদের সবার মধ্যেই এক ধরনের স্নায়ুচাপ কাজ করেছে। তবে বিশ্বকাপের মতো এত বড় আসরে এ ধরনের চাপ যদি আমরা সামলাতে না পারি, তাহলে তার চড়া মূল্য দিতেই হবে। সত্যি বলতে, আমাদের ভাগ্য ভালো ছিল যে প্রথমার্ধে আমরা আরও গোল খাইনি।’
প্রথমার্ধের খেলা ১-১ গোলে শেষ হওয়াকে দলের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে দেখছেন এই তারকা ফুটবলার। তিনি মনে করেন, পরের ম্যাচের মাঠে নামার আগে এই ভুলগুলো থেকে দ্রুত শিক্ষা নিতে হবে, কারণ এমন পারফরম্যান্স নিয়ে টুর্নামেন্টে বেশি দূর এগোনো অসম্ভব।
তবে বিরতির পর দল কিছুটা চেনা ছন্দে ফিরতে পেরেছিল বলে উল্লেখ করেন ফ্লামেঙ্গোর এই ডিফেন্ডার। দ্বিতীয়ার্থের পরিবর্তন নিয়ে তিনি বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা মানসিকভাবে অনেক বেশি শান্ত ছিলাম। মাঠের ফাঁকা জায়গাগুলো আমরা ভালোভাবে কাজে লাগাতে পেরেছি এবং তখনই মূলত আমাদের আসল খেলাটা দেখা গেছে। কিন্তু প্রথমার্ধে আমাদের আচরণ, রণকৌশল ও টেকনিক্যাল দিকগুলো যদি বিবেচনা করি, তবে আমরা আমাদের চেনা মানের চেয়ে অনেক নিচে ছিলাম।’
দলকে ভাগ্যের সহায়তা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করে দানিলো আরও বলেন, ‘প্রথমার্ধে বড় ব্যবধানে পিছিয়ে না পড়াটা আমাদের জন্য অনেক বড় সৌভাগ্যের ছিল। ম্যাচ আমাদের ঘুরে দাঁড়ানোর আরেকটি সুযোগ দিয়েছে। এখন আমাদের দায়িত্ব হলো, সেই সুযোগকে কাজে লাগিয়ে যত দ্রুত সম্ভব নিজেদের ভুলগুলো শুধরে নেওয়া।’
এদিকে প্রথম ম্যাচেই মরক্কোর বিপক্ষে পয়েন্ট হারানোয় গ্রুপপর্বের শুরুতেই কিছুটা চাপে পড়ে গেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২০ জুন গ্রুপের তলানিতে থাকা হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ২৫ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।
দেশবার্তা/একে