ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  রোববার | ১৪ জুন ২০২৬ | ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: রোববার, ১৪ জুন, ২০২৬, ২০:১৯
চলমান বার্তা:
মরক্কোর বিস্ময়বালক বুয়াদ্দির পারফরম্যান্সে অবাক বিশ্ব
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ১৭:৩৯  (ভিজিটর : )

মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে মাঝমাঠে দুর্দান্ত খেললেন মরক্কোর উদীয়মান তারকা আইয়ুব বুয়াদ্দি। ১৮ বছর বয়সী এই তরুণকে শুরুর একাদশে রাখাটা অবশ্য মরক্কোর প্রধান কোচ মোহাম্মদ ওয়াহবির কাছে মোটেও কোনো ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত মনে হয়নি, এমনকি তার এই পারফরম্যান্সে অবাকও হননি তিনি।

ফ্রান্সের যুব দলগুলোর হয়ে খেলার পর গত মার্চেও দলটির অনূর্ধ্ব-২১ দলের প্রতিনিধিত্ব করেছিলেন বুয়াদ্দি। তবে জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হলেন লিলের এই মিডফিল্ডার।

ম্যাচের ২১তম মিনিটে ইসমায়েল সাইবারির গোলে প্রথমে এগিয়ে যায় ‘অ্যাটলাস লায়ন্স’রা। তবে এর ১১ মিনিট পরেই ভিনিসিউস জুনিয়রের গোলে সমতায় ফেরে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ব্রাজিল। ম্যাচটি ১-১ গোলে ড্র হলেও নিউ ইয়র্কের গ্যালারিতে উপস্থিত বিশ্বের ফুটবলপ্রেমীদের মন্ত্রমুগ্ধ করে রেখেছে মরক্কোর এই বিস্ময়বালকের পারফরম্যান্স।

ম্যাচ শেষে সাংবাদিকদের মরক্কো কোচ মোহাম্মদ ওয়াহবি বলেন, ‘ওর বয়স মাত্র ১৮ বলেই তাকে খেলানোটা ঝুঁকিপূর্ণ ছিল না।’

তিনি আরও যোগ করেন, ‘আমি শুধু খেলোয়াড়দের পারফরম্যান্স দেখি, বয়স নয়। সে ভালো খেললে তার বয়স ৩৫ হলেও খেলবে, আবার ১৭ হলেও খেলবে।’

তরুণ বুয়াদ্দিকে খেলানো কোনো হঠকারী সিদ্ধান্ত ছিল না উল্লেখ করে মরক্কো কোচ স্পষ্ট জানিয়ে দেন।

‘আমি তরুণদের খেলাতে ভয় পাওয়ার মতো লোক নই। আমরা নিশ্চিত ছিলাম যে ও একটা দারুণ ম্যাচ উপহার দেবে, তাই এটি মোটেও কোনো ঝুঁকি ছিল না। ব্রাজিলের মতো দলের বিরুদ্ধে ঝুঁকি নেওয়ার মতো ম্যাচ এটি ছিল না। হয়তো ও নতুন খেলোয়াড় বলেই সবাই এত বেশি রোমাঞ্চিত। এত কম বয়সে আন্তর্জাতিক পর্যায়ে এটি ওর প্রথম ম্যাচ এবং সেটিও এত গুরুত্বপূর্ণ একটি ম্যাচ, তবে ওর অভিজ্ঞতার কোনো ঘাটতি নেই’।

লিল-এর এই মিডফিল্ডার পুরো ম্যাচ জুড়েই ছড়ি ঘুরিয়েছেন। প্রথমার্ধে তিনি ব্রাজিলের অভিজ্ঞ কাসেমিরোকে বোতলন্দি করে রাখেন। এরপর কাসেমিরো তুলে নিয়ে দ্বিতীয়ার্ধে মাঠে নামানো হয় উয়েফা চ্যাম্পিয়নস লিগ জয়ী ফাবিনহোকে। কিন্তু তার বিপক্ষেও মাঝমাঠের দখল নিজের নিয়ন্ত্রণে রাখেন বুয়াদ্দি।

গত অক্টোবরে ১৮ বছরে পা দেওয়া ফ্রান্স-বংশোদ্ভূত এই তরুণ ফুটবলার ২০২৩-২৪ মৌসুমে লিলের হয়ে অভিষেকের পর এরমধ্যেই ফরাসি লিগ ওয়ানে ৬৩টি ম্যাচ খেলে ফেলেছেন। গত মাসেই আন্তর্জাতিক ফুটবলে মরক্কোর হয়ে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নেন তিনি এবং গত ২ জুন মাদাগাস্কারের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচে তার অভিষেক হয়।

বুয়াদ্দির প্রশংসায় কোচ ওয়াহবি বলেন, আজকের খেলায় ও আমাকে আলাদা করে চমকে দেয়নি, কারণ আমরা আগে থেকেই জানি ও কেমন খেলোয়াড়। ও যেন মরক্কোকে বেছে নেয়, সেজন্য আমরা ওর সাথে অনেক বৈঠক করেছি এবং সেটি কাজে দিয়েছে। লিগ ওয়ানে খেলার দারুণ অভিজ্ঞতা রয়েছে ওর। এটি কেবল বয়সের বিষয় নয়, ওর চেয়ে বেশি বয়সী অনেক খেলোয়াড়ের চেয়েও ও বেশি ম্যাচ খেলেছে, চ্যাম্পিয়নস লিগেও খেলার অভিজ্ঞতা আছে ওর।

২০২৪ সালের মার্চে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের ১-০ গোলের ঐতিহাসিক জয়ের ম্যাচটির কথা স্মরণ করে কোচ বলেন, ‘রিয়াল মাদ্রিদের বিপক্ষে ওর সেই অনবদ্য পারফরম্যান্সের কথাই ধরুন; ওর বয়স হয়তো ১৮, কিন্তু এরমধ্যেই ও প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে ফেলেছে।’

শনিবারের ম্যাচে ২৪ বছর বয়সী নেইল এল আয়নাউইয়ের সঙ্গে মাঝমাঠে খেলা শুরু করেছিলেন বুয়াদ্দি। পরবর্তীতে স্ট্র্যাসবার্গের ২০ বছর বয়সী মিডফিল্ডার সামির এল মুরাবেত মাঠে নামলে ম্যাচের শেষ বাঁশি বাজার সময় মরক্কোর মাঝমাঠকে পুরোপুরি তরুণদের দখলে দেখা যায়।

ভবিষ্যত পরিকল্পনা নিয়ে মরক্কো কোচ বলেন, ‘মাঝমাঠে আমাদের ভবিষ্যতের জন্য অনেক খেলোয়াড় আছে। আইয়ুব, এল আয়নাউই, সামির মাঠে নেমে ভালো করেছে। আর ২৬ বছর বয়সী আজিদিন উনাহি প্রথমার্ধে দুর্দান্ত খেলেছে’।

তিনি আরও যোগ করেন, ‘সামনের ম্যাচগুলোতে আমরা আরও ভালো করব। আমাদের আরও মিডফিল্ডার আছে, যেমন (সোফিয়ান) আমরাবাত, যে দলে অন্যরকম মাত্রা যোগ করতে পারে। এছাড়া যাদের নিয়ে আমি অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতেছিলাম, তাদের অনেকেই এখন দলে নেই। তাই ভবিষ্যৎ নিয়ে আমরা ভীষণ আত্মবিশ্বাসী।"

আগামী ১৯ জুন ফক্সবরোতে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে অ্যাটলাস লায়ন্সরা। এর ঠিক পাঁচ দিন পর আটলান্টায় হাইতির বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে মরক্কো।

উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লিলের ১-০ গোলের জয়ে তার পারফরম্যান্স দেখেই হয়তো চোখ পড়ে মরক্কো ফুটবল ফেডারেশনের। ডাক পড়ে জাতীয় দলে। শুধু মাঠেই নন, মাঠের বাইরেও সমান মনোযোগী এই তরুণ। হাই স্কুল থেকে বেরিয়েছেন দারুণ ফলাফল নিয়ে। ব্রাজিলের বিপক্ষে এক রাতেই স্পষ্ট হয়ে গেল, মরক্কো তাদের ভবিষ্যতের বড় তারকাকে খুঁজে পেয়েছে। আঠারো বছরের বুয়াদ্দি জানিয়ে দিলেন, এ বয়সেই স্পর্ধায় মাথা তোলা যায়।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শেষ ম্যাচে মুখরক্ষার জয় আস্টেলিয়ার
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
শপিংমল-মার্কেট খোলা রাখার সময় নিয়ে গণবিজ্ঞপ্তি, অমান্য করলেই ব্যবস্থা
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
দক্ষিণ এশিয়ায় চতুর্থ শান্তিপূর্ণ দেশ বাংলাদেশ
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg