শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে সিলেটে অনুষ্ঠিত হলো ‘স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স-২০২৬’।
ট্রাস্ট ব্যাংক পিএলসির উদ্যোগে সম্প্রতি সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সিলেট জেলার সকল তফসিলি ব্যাংকের সহযোগিতায় ট্রাস্ট ব্যাংক পিএলসি লিড ব্যাংক হিসেবে এই সম্মেলনের আয়োজন করে।
আয়োজিত এই সম্মেলনে সিলেট জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৪০০ শিক্ষার্থী ও শিক্ষকসহ বিভিন্ন তফসিলি ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্বাহী পরিচালক খালেদ আহমদ। সম্মেলনে সভাপতিত্ব করেন ট্রাস্ট ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও চিফ রিস্ক অফিসার (সিআরও) আখলাসুর রহমান ভূঁইয়া।
এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের পরিচালক মো. ইকবাল মহসীন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা, সিলেট অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. মোহাম্মদ আব্দুল কাদির।
সম্মেলনে বক্তারা শিক্ষার্থীদের অল্প বয়স থেকেই সঞ্চয়ের মানসিকতা গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
পাশাপাশি স্টুডেন্ট ব্যাংকিংয়ের বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং শিক্ষার্থীদের একটি নিরাপদ ও সুশৃঙ্খল আর্থিক ভবিষ্যৎ গঠনে প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
দেশবার্তা/একে