পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শুরু হচ্ছে দুই দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্স অন পাওয়ার, ইলেকট্রনিক্স, কমিউনিকেশনস, কম্পিউটিং অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনফ্রাস্ট্রাকচার (PECCII 2026) শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন।
বুধবার (১৭ জুন) শুরু হওয়া এ সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, বিজ্ঞানী, শিল্প বিশেষজ্ঞ, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। সম্মেলনের ৩৯টি সেশনে মোট ৩০৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।
গবেষণাপত্রগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিকস, পাওয়ার অ্যান্ড এনার্জি সিস্টেম, যোগাযোগ প্রযুক্তি, নেটওয়ার্ক ও সাইবার নিরাপত্তা, স্মার্ট প্রযুক্তিনির্ভর অবকাঠামো, উন্নত ইলেকট্রনিকস, ভিএলএসআই এবং এমবেডেড সিস্টেমের মতো সমসাময়িক ও গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০০৮ সালে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হচ্ছে। সম্মেলনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। দেশি-বিদেশি গবেষক ও শিক্ষকদের পদচারণায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখর হয়ে উঠেছে। সম্মেলনটি শেষ হবে বৃহস্পতিবার (১৮ জুন)।
পিইসিসিআইআই আন্তর্জাতিক গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন এবং জ্ঞান বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের গবেষক ও বিশেষজ্ঞরা এর সঙ্গে যুক্ত রয়েছেন।
আয়োজকদের মতে, এ সম্মেলন বাংলাদেশের গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি দেশের গবেষণা ও উদ্ভাবনকে বৈশ্বিক অঙ্গনে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপনের সুযোগ সৃষ্টি করবে।
বুধবার সকাল ১১টায় পাবিপ্রবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল মামুন।
প্রথম দিনের মূল প্রবন্ধ উপস্থাপন সেশনে বক্তব্য দেবেন জাপানের আইজু বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জুংপিল শিন। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য দেবেন বুয়েটের অধ্যাপক ড. শেখ আনোয়ারুল ফাত্তাহ। এছাড়া যুক্তরাষ্ট্রের স্মার্ট গ্রিড, টেকসই জ্বালানি ও বৈশ্বিক প্রযুক্তি নেতৃত্ববিষয়ক গবেষক অধ্যাপক ড. সাইফুর রহমানসহ দেশি-বিদেশি শতাধিক শিক্ষক ও গবেষক অংশ নেবেন।
দ্বিতীয় দিন বৃহস্পতিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক।
এদিন প্রবন্ধ উপস্থাপন করবেন জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শি সিয়াং লিও, মালয়েশিয়ার ইউকেএম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. তরিকুল ইসলাম, জাপানের রিটসুমেইকান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সানচিরো মোরি, কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক গবেষক বুয়েটের অধ্যাপক ড. সেলিনা শাহনাজ, অস্ট্রেলিয়ার বায়োইনফরমেটিকস, স্বাস্থ্য তথ্যবিজ্ঞান, ডেটা সায়েন্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক অধ্যাপক ড. মোহাম্মদ আলী মনি, অস্ট্রেলীয় গবেষক ড. রিপন কুমার চক্রবর্তী এবং কানাডার স্মার্ট গ্রিড ও আধুনিক বিদ্যুৎ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ অধ্যাপক ড. ইনোসেন্ট কামওয়া।
সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সার্বিক তত্ত্বাবধান করছেন পাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন। এছাড়া টেকনিক্যাল প্রোগ্রাম কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. নাজমুল হোসেন এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রহিম।
ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদের উদ্যোগে আয়োজিত প্রথম আন্তর্জাতিক সম্মেলন সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমি সম্মেলনে অংশগ্রহণকারী সবাইকে স্বাগত জানাই। জাতির উন্নয়ন এবং চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের আন্তর্জাতিক সম্মেলন অত্যন্ত সময়োপযোগী। এই সম্মেলন থেকে টেকসই উন্নয়নের নতুন দিকনির্দেশনা পাওয়া যাবে বলে আমি আশাবাদী।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ্য গবেষণা কার্যক্রমকে এগিয়ে নেওয়া। এ সম্মেলনের মাধ্যমে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও দক্ষতা বৃদ্ধি পাবে। তারা নতুন নতুন গবেষণায় উদ্বুদ্ধ হবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক গবেষকদের সঙ্গে কার্যকর সেতুবন্ধন তৈরি হবে।
প্রতিনিধি/একে