ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে চান স্পেন কোচ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১৩:৫৩ আপডেট: ১৫.০৭.২০২৬ ২০:১৭  (ভিজিটর : )
স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে।

স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে।

আগামী ১৯ জুলাই নিউ জার্সির ফাইনালের মঞ্চে নিজেদের জায়গা আগেই পাকা করে রেখেছে স্পেন। এখন কেবল অপেক্ষা তাদের প্রতিপক্ষ নির্ধারণের। আজ আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দিয়েই জানা যাবে, কার মুখোমুখি হচ্ছে দে লা ফুয়েন্তের শিষ্যরা।

প্রতিপক্ষ কে হবে, তা নির্ধারণ করার সুযোগ স্পেনের না থাকলেও, নিজের একটি ব্যক্তিগত পছন্দের কথা জানিয়েছেন স্পেন কোচ লুই দে লা ফুয়েন্তে। ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর তিনি জানান, সুযোগ থাকলে শিরোপার লড়াইয়ে তিনি আর্জেন্টিনাকেই প্রতিপক্ষ হিসেবে দেখতে চান।

সাধারণত আর্জেন্টিনা বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকার মুকুটধারী হওয়ায় এমন ম্যাচ নিয়ে বাড়তি রোমাঞ্চ থাকে। কিন্তু স্প্যানিশ কোচের আর্জেন্টিনাকে চাওয়ার মূল কারণ মাঠের দ্বৈরথ নয়, বরং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির সঙ্গে তাঁর পুরোনো বন্ধুত্ব। স্কালোনি যখন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনে কোচিং কোর্স করেছিলেন, তখন দে লা ফুয়েন্তে ছিলেন তাঁর প্রশিক্ষক। সেই শিক্ষক-ছাত্রের সম্পর্কই এখন রূপ নিয়েছে গভীর বন্ধুত্বে।

অবশ্য আর্জেন্টিনাকে পছন্দ করলেও প্রতিপক্ষ ইংল্যান্ডকে মোটেও সহজভাবে নিচ্ছেন না দে লা ফুয়েন্তে। তিনি বলেন, ‘স্কালোনির সঙ্গে বন্ধুত্বের কারণে আমি আর্জেন্টিনার মুখোমুখি হতে চাই। তবে ইংল্যান্ডও অত্যন্ত শক্তিশালী দল। এবারই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে, তাই দুই দলই ফাইনালের যোগ্য।’

এদিকে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে দে লা ফুয়েন্তের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও। তিনি বলেন, ‘লুইসের (দে লা ফুয়েন্তে) সাফল্যে আমি অত্যন্ত আনন্দিত। তিনি একজন চমৎকার মানুষ এবং সবসময় আমাকে সাহায্য করেছেন। তিনি এই অর্জনের পুরোপুরি যোগ্য।’

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।