ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
বিশ্বকাপে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার আর্জেন্টিনা ও মেসি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৮:৪৪ আপডেট: ২৭.০৭.২০২৬ ১৮:৪৮  (ভিজিটর : )

সদ্য সমাপ্ত ফিফা ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনলাইন ও গণমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য বিশ্লেষণ করে মোট ১১৩টি ভুল তথ্য শনাক্ত করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ‘রিউমর স্ক্যানার’। এসব অপপ্রচারের বড় অংশজুড়ে ছিল বিভিন্ন দল, খেলোয়াড় ও ম্যাচ। বিশ্লেষণে দেখা গেছে, দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভুল তথ্য ছড়ানো হয়েছে আর্জেন্টিনাকে ঘিরে। আর খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি অপপ্রচারের শিকার হয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে ৪৮টি দলের অংশগ্রহণে আয়োজিত ৩৯ দিনের এই আসরের পর্দা নেমেছে গত ২০ জুলাই। ফাইনালে অতিরিক্ত সময়ে ১-০ গোলের জয় নিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা উঁচিয়ে ধরে স্পেন। মাঠের এই লড়াইয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ভুল তথ্যের বিস্তার ছিল চোখে পড়ার মতো।

ভুল তথ্যের নিশানায় শীর্ষে আর্জেন্টিনা ও স্পেন

রিউমর স্ক্যানারের প্রতিবেদন অনুযায়ী, শনাক্ত হওয়া ১১৩টি ভুল তথ্যের মধ্যে এককভাবে সর্বোচ্চ ৫২টি ছড়ানো হয়েছে রানার্সআপ আর্জেন্টিনা দলকে নিয়ে। এর মধ্যে ৬৫ শতাংশ তথ্যই ছিল দলটির জন্য নেতিবাচক।

দ্বিতীয় অবস্থানে থাকা চ্যাম্পিয়ন দল স্পেনকে নিয়ে ২০টি ভুল তথ্য শনাক্ত হয়েছে, যার ৮০ শতাংশই ছিল দলটির পক্ষে ইতিবাচক। এছাড়া ব্রাজিলকে ঘিরে ১৬টি, মিশরকে নিয়ে ১৪টি এবং পর্তুগালকে নিয়ে ৭টি ভুল তথ্য ছড়ানো হয়। অন্য দলগুলোর মধ্যে ইরানকে নিয়ে ৬টি, মরক্কো ও নরওয়েকে নিয়ে ৪টি করে এবং ফ্রান্সকে নিয়ে ২টি ভুল তথ্য শনাক্ত করা হয়েছে।

মেসিকে ঘিরেই সবচেয়ে বেশি অপপ্রচার

খেলোয়াড়দের মধ্যে অপপ্রচারের মূল লক্ষ্য ছিলেন লিওনেল মেসি। তাঁকে নিয়ে মোট ২২টি ভুল তথ্য ছড়ানো হয়েছে, যার ৬৪ শতাংশই ছিল তাঁর বিপক্ষে।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল। তাঁকে নিয়ে ১১টি ভুল তথ্য ছড়ানো হলেও তার ৮২ শতাংশই ছিল ইতিবাচক। এ ছাড়া ব্রাজিলের নেইমার জুনিয়রকে নিয়ে ৮টি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ৬টি এবং নরওয়ের আর্লিং হালান্ডকে নিয়ে ৩টি ভুল তথ্য পাওয়া গেছে।

খেলোয়াড়দের পাশাপাশি কার্লো আনচেলত্তি, হোসাম হাসান ও জিয়ান্নি ইনফ্যান্টিনোর মতো কোচ ও কর্মকর্তাদের নিয়েও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়েছে।

ফাইনাল ম্যাচ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র ব্যবহার

ম্যাচভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, আর্জেন্টিনা-স্পেনের মধ্যকার ফাইনাল ম্যাচটি ঘিরেই সবচেয়ে বেশি (২২টি) ভুল তথ্য ছড়ানো হয়। দ্বিতীয় স্থানে থাকা রাউন্ড অব ১৬-এর মিশর-আর্জেন্টিনা ম্যাচকে কেন্দ্র করে ২০টি অপপ্রচার শনাক্ত হয়েছে।

এবারের বিশ্বকাপে বিভ্রান্তি ছড়াতে প্রযুক্তি ও এআই-এর ব্যবহার ছিল উল্লেখযোগ্য। রিউমর স্ক্যানার কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ৩৩টি ভুয়া ছবি ও ভিডিও এবং পুরোনো ঘটনার ১৭টি বিভ্রান্তিকর কনটেন্ট শনাক্ত করেছে। এ ছাড়া মাঠের ভেতরের ঘটনা নিয়ে ১৬টি এবং সার্কাজমভিত্তিক ৭টি ভুল তথ্য ছড়ানো হয়। টুর্নামেন্টের সরাসরি অংশ না হলেও বাংলাদেশকে যুক্ত করে ২১টি বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রমাণ মিলেছে।

গণমাধ্যম ও ভুয়া মন্তব্য

প্রতিবেদনে জানানো হয়, বিশ্বকাপের ২২টি ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের ৭৮টি গণমাধ্যম মোট ১৪৩টি ভুল প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে সর্বোচ্চ ৬টি ভুল প্রতিবেদন প্রকাশ করেছে মাছরাঙা টিভি এবং ৫টি প্রকাশ করেছে কালবেলা। এছাড়া ইত্তেফাক, সময়ের আলো, বাংলানিউজ২৪, ক্রিকফ্রেঞ্জি ও দ্য নিউজ ৪টি করে ভুল প্রতিবেদন প্রকাশ করে।

একই সময়ে বিভিন্ন পরিচিত মুখের নামে ৩৩ জনকে জড়িয়ে মোট ৩৮টি ভুয়া মন্তব্য ছড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে ১৩ জন খেলোয়াড়, ১৪ জন অন্যান্য আন্তর্জাতিক ব্যক্তি এবং ৬ জন বাংলাদেশি রয়েছেন। ভুয়া বক্তব্যের শিকার হওয়া বাংলাদেশিদের মধ্যে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের একাধিক পরিচিত ব্যক্তি রয়েছেন। অন্যদিকে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ৪টি ভুয়া মন্তব্য ছড়ানো হয়েছে লামিনে ইয়ামালের নামে।

দেশবার্তা/একে
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।