চলতি বিশ্বকাপে ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে ইংল্যান্ড। মাঠের লড়াইয়ে আলবিসেলেস্তেরা সবচেয়ে কঠিন প্রতিপক্ষ হলেও, তাদের নিয়ে মোটেও ভীত নন ইংলিশদের প্রধান কোচ থমাস টুখেল।
বরং হ্যারি কেইন ও জুড বেলিংহাম নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে পারলে আর্জেন্টিনাকে হারানো সম্ভব বলে হুঙ্কার দিয়েছেন তিনি।
নরওয়ের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে টুখেল জানান, আর্জেন্টিনাকে রুখে দেওয়ার পরিকল্পনা খুব একটা জটিল নয়। আক্রমণভাগে কেইন ও বেলিংহামের রসায়নকে কাজে লাগিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার কৌশল নিয়েছেন তিনি।
ইংলিশ কোচ বলেন, ‘আর্জেন্টিনাকে হারানোর উপায় জানতে চাইলে আমার উত্তর খুবই সহজ- হ্যারি ও জুডকে একসঙ্গে খেলানো। বাকি কাজটা ওরা মাঠেই সেরে নেবে। তবে জয়ের জন্য আমাদের আক্রমণে আরও ধার বাড়াতে হবে এবং বাকিদেরও যার যার পজিশনে সেরাটা দিতে হবে। এরপরও এই দুজনই আমাদের মূল শক্তি।’
এবারের আসরে কেইন ও বেলিংহাম জুটি প্রতিপক্ষের রক্ষণভাগে রীতিমতো সন্ত্রাস সৃষ্টি করেছে। ইংল্যান্ডের করা মোট ১৩টি গোলের মধ্যে ১২টিই এসেছে এই দুই তারকার পা থেকে; যেখানে দুজনই সমান ৬টি করে গোল করেছেন। দলের পক্ষে বাকি একমাত্র গোলটি এসেছে মার্কাস র্যাশফোর্ডের বুট থেকে।
ফাইনালে ওঠার এই মহারণে বাংলাদেশ সময় ১৬ জুলাই রাত ১টায় আর্জেন্টিনার মুখোমুখি হবে থমাস টুখেলের শিষ্যরা। শিরোপা ধরে রাখার মিশনে থাকা আর্জেন্টিনাকে থামাতে ইংল্যান্ডের বাজি এখন এই দুই ইনফর্ম তারকা।
টুখেল বিশ্বাস করেন, সেমিফাইনালের মতো মেগা ম্যাচের চাপ সামলানোর সবটুকু সামর্থ্য কেইন ও বেলিংহামের রয়েছে।
তিনি যোগ করেন, ‘ওরা বড় ম্যাচের দায়িত্ব কাঁধে তুলে নিতে ভালোবাসে এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে বারবার নিজেদের প্রমাণ করেছে। তাই ওদের নিয়ে আমাদের কোনো সংশয় নেই। যেকোনো মুহূর্তে ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার ক্ষমতাই ওদের সবচেয়ে বড় গুণ।’
দেশবার্তা/একে