বিশ্বকাপের মাঠের লড়াই যখন তুঙ্গে, ঠিক তখনই মাঠের বাইরে বড়সড় এক বিতর্কের মুখে পড়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। মাঠের পারফরম্যান্স ছাপিয়ে এবার আলবিসেলেস্তেদের টুর্নামেন্ট থেকে বহিষ্কারের দাবি উঠেছে। আর এই দাবিতে একটি অনলাইন আবেদনে সই করেছেন প্রায় ৭৮ লাখ ফুটবলপ্রেমী।
হংকংভিত্তিক সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ‘আর্জেন্টিনা আউট ডটকম’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের এই প্রচারণা চালানো হচ্ছে।
আবেদনকারীদের অভিযোগ, চলতি বিশ্বকাপের নকআউট পর্বে মিসর ও সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সাম্প্রতিক জয়গুলো এসেছে রেফারিদের বিতর্কিত সিদ্ধান্তের ওপর ভর করে।
এছাড়া আলজেরিয়ার বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লিওনেল মেসির একটি গুরুতর ফাউলের ঘটনায় রেফারি কার্ড না দেখানোয় পক্ষপাতিত্বের অভিযোগ আরও জোরালো হয়েছে।
প্রচারণাকারীদের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এটি স্পষ্ট যে ফিফা এবং রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনার প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। বিজয়ী যদি আগে থেকেই নির্ধারিত হয়ে থাকে, তবে বাকি বিশ্বের আর প্রতিযোগিতা করার প্রয়োজনীয়তা কী? আমাদের দাবি, আর্জেন্টনাক এই বিশ্বকাপ থেকে বহিষ্কার করা হোক এবং বাকি দলগুলোকে একটি ন্যায্য সুযোগ দেওয়া হোক।’
মাঠের বাইরের এই তুমুল উত্তেজনার মধ্যেই আজ রাতে মাঠে গড়াচ্ছে বিশ্ব ফুটবলের অন্যতম ধ্রুপদি লড়াই- ইংল্যান্ড বনাম আর্জেন্টিনা। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বৈরিতা এবং ১৯৮৬ সালের বিশ্বকাপে দিয়েগো ম্যারাডোনার বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোল- এই দুইয়ের মিশেলে দুই দেশের ফুটবল দ্বৈরথ সবসময়ই ভিন্ন মাত্রা পায়।
ম্যারাডোনার সেই বিখ্যাত ঘটনার ঠিক ৪০ বছর পর আজ আবারও মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি। একদিকে মাঠের বাইরের তীব্র চাপ ও বিতর্ক, অন্যদিকে লিওনেল মেসির হাত ধরে টানা দ্বিতীয় ট্রফি জয়ের স্বপ্ন- সব মিলিয়ে ফুটবল বিশ্বের চোখ এখন আজ রাতের এই মহারণে।
দেশবার্তা/একে