বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন-এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
ফেডারেশনের জারিকৃত পরিপত্রে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সহ-সভাপতি, কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং দিনাজপুর জেলা যুবদলের সাবেক সভাপতি আব্দুল মোন্নাফ মুকুলকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত করা হয়েছে।
এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বিশিষ্ট সমাজসেবক শহিদুল ইসলাম, জাতীয়তাবাদী আন্তর্জাতিক ফোরামের সদস্য ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ফিরোজ ইলিয়াস, দিনাজপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক বাবু চৌধুরী, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ সোলায়মান মোলা, দিনাজপুর জেলা যুবদলের আহ্বায়ক ও দিনাজপুর পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র এ. কে. এম. মাসুদুল ইসলাম মাসুদ এবং চেহেলগাজী শিক্ষা নিকেতনের অধ্যক্ষ শাকিল আহমেদ।
অপরদিকে, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও পৃথক এক পরিপত্রের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোন্নাফ মুকুলকে স্বাগত জানানো হয়েছে। একই সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের গঠিত নির্বাচন পরিচালনা কমিটির সঙ্গে সার্বিক সমন্বয় ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মাধ্যমে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করার প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটি নির্ধারিত সময়ে তফসিল ঘোষণা এবং নির্বাচন-সংক্রান্ত অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে।
প্রতিনিধি/আরএইচ