প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নগরীর ২২, ২৯ ও ৩১ নম্বর ওয়ার্ডে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৪টায় ২২ নম্বর ওয়ার্ডের নতুন বাজার আবু হানিফ মাদ্রাসা প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন কেডিএর চেয়ারম্যান ও খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন এবং সদস্যসচিব রবিউল ইসলাম রুবেল।
এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব ও গোলাম জুলকার নাইন; ২২ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম ও সদস্যসচিব জহির উদ্দিন লিটন; ২৯ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রাজ্জাক হাওলাদার রাজিব ও সদস্যসচিব কামরুল ইসলাম কামু; ৩১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান ও সদস্যসচিব আবু সায়েমসহ মহানগর যুবদল এবং সংশ্লিষ্ট ওয়ার্ড যুবদলের অন্যান্য নেতাকর্মী, কর্মী-সমর্থক ও স্থানীয় সাধারণ মানুষ।
কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।
বক্তারা বলেন, তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছেন। তাঁদের মতে, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার একটি অঙ্গীকার। এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
প্রতিনিধি/আরএইচ