ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
বিয়ের আসরে প্রশাসনের অভিযানে ভেঙে গেল বাল্যবিয়ের আয়োজন
কনের বাবাকে জরিমানা
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১৪:৪৭  (ভিজিটর : )

শেরপুরের নকলায় বাল্যবিয়ের আসরে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দিয়েছে প্রশাসন। এ ঘটনায় বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কনের বাবাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মেয়ের আইনসম্মত বয়স পূর্ণ হওয়ার আগে আর বিয়ে দেবেন না-এ মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার কায়দা গ্রামে জেলা প্রশাসকের নির্দেশনায় এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, নকলা উপজেলার জালালপুর মণ্ডলপাড়া গ্রামের রেদোয়ান (ছদ্মনাম)-এর সঙ্গে কায়দা গ্রামের আলো আক্তারের (ছদ্মনাম) বিয়ের আয়োজন করা হয়েছিল। বাল্যবিয়ের খবর স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের কাছে পৌঁছালে জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

জেলা প্রশাসকের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত কনের বাড়িতে অভিযান চালিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেন।

বরপক্ষের ছাপানো দাওয়াতপত্র অনুযায়ী, শনিবার (২৫ জুলাই) জালালপুর মণ্ডলপাড়ায় বরের বাড়িতে ভোজের আয়োজন ছিল। তবে তার আগেই শুক্রবার কনের বাড়িতে বিয়ে সম্পন্নের প্রস্তুতি চলাকালে প্রশাসনের অভিযানে পুরো আয়োজন ভেস্তে যায়।

ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী কনের বাবাকে ৭ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি মেয়ের প্রাপ্তবয়স্ক হওয়ার আগে আর বিয়ে দেবেন না—এ মর্মে তাঁর কাছ থেকে লিখিত মুচলেকা নেওয়া হয়।

অভিযানকালে নকলা থানা পুলিশের সদস্যরা, নকলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার পক্ষে সাদিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি বলেন, “বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের ঘটনার তথ্য পাওয়া মাত্রই দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের আইনসম্মত বয়স পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেওয়ার আহ্বান জানাই।”

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।