ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  মঙ্গলবার | ২৮ জুলাই ২০২৬ | ১৩ শ্রাবণ ১৪৩৩ 

সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ২১:১০
চলমান বার্তা:
সোনারগাঁয়ে প্রতিপক্ষের হামলায় বিএনপি কর্মী নিহত
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১৫:০১  (ভিজিটর : )

সোনারগাঁয়ে রাজু আহম্মেদ (৩২) নামের এক বিএনপি কর্মীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চরহোগলা বালুরঘাট এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রাজু ওই এলাকার আয়নাল হকের ছেলে। তার পরিবারে স্ত্রী ও দুই ছেলেসহ মা-বাবা রয়েছে। তিনি স্থানীয়ভাবে একটি গরুর খামার পরিচালনা করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাজ আহম্মেদ এক সময় বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিন মাস আগে সে সক্রিয় রাজনীতি থেকে পুরোপুরি সরে দাঁড়ান। এরই জের ধরে স্থানীয় বিএনপি নেতা শাহাদাত প্রধানের সঙ্গে রাজু আহম্মেদের রাজনৈতিক ভাবে বিরোধ চলছিলো। গত রোববার রাতে এলাকায় শালিসে বিরোধ মিমাংসা করতে যাওয়ায় প্রতিপক্ষের অতর্কিত হামলায় প্রাণ হারাতে হয় তাকে। এ সময় তাকে বাঁচাতে এসে পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন। 

নিহতের স্ত্রী সুমাইয়া জানান, রোববার রাতে আমার স্বামীর ফুফাতো ভাইয়ের সঙ্গে স্থানীয় নুরুল ও জাকিরের বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আমার স্বামী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে শান্ত করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বাড়িতে ফিরে আসেন।

পরিবারের দাবি, পরিস্থিতি শান্ত হওয়ার কিছুক্ষণ পর নুরুল ও জাকিরের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা তার ফুফাতো ভাইকে বাড়িতে না পেয়ে সরাসরি রাজুকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে ছুরিকাঘাত করা হয়। এসময় আমাদেরও পিটিয়ে আহত করা হয়।

আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে অবস্থার অবনতি হলে গুরুতর আহত রাজু আহম্মেদকে মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, নিহত রাজু বিএনপির কোনো পদধারী নেতা নয়।  তবে বিএনপির সমর্থক ছিলো। বর্তমানে সে একটি গরু খামারি বলে জানতে পেরেছি।

এ বিষয়ে অভিযুক্ত বিএনপি নেতা শাহাদাত বলেন, আমি ৩ দিন যাবৎ নারায়ণগঞ্জ শহরে আছি, আমার বাবা একজন বয়স্ক মানুষ, আধিপত্য বিস্তারের জন্য একটি মহল আমাদের বিরুদ্ধে য়ড়যন্ত্র করছে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
Loading...
Loading...
দেশবার্তা    বিজ্ঞাপন    সার্কুলেশন    শর্তাবলি ও নীতিমালা    গোপনীয়তা নীতি    যোগাযোগ   
স্বত্ব © ২০২৬ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।