রাজধানীর কারওয়ান বাজারে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা ফের সড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে সার্ক ফোয়ারা মোড়ে অবস্থান নিয়ে তারা মহাসমাবেশ শুরু করলে যান চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটে। এতে আশপাশের সড়কজুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
বিক্ষোভকারীরা জানান, তারা সেই ১৭ হাজার শ্রমিকের অংশ, যাদের ২০২৪ সালের ৩১ মে’র মধ্যে মালয়েশিয়া যাওয়ার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি।
কর্মী মো. কাওসার বলেন, ‘মালয়েশিয়া যাওয়ার জন্য ৫-৬ লাখ টাকা খরচ করেছি, বেশির ভাগই ঋণ। সময়সীমা শেষ হলেও এখনও যেতে পারিনি।’
আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বাবু অভিযোগ করেন, ‘সরকার আমাদের আশ্বস্ত করেছিল, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। আমরা নিঃস্ব হয়ে গেছি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।’
বিক্ষোভকারীরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন-
১. যাদের ই-ভিসা ৩১ মে’র আগে ইস্যু হয়েছে কিন্তু বিএমইটির ছাড়পত্র পাননি, তাদের দ্রুত মালয়েশিয়া পাঠাতে হবে।
২. নতুন সাক্ষাৎকার হোক বা না হোক, কোনো শ্রমিককে প্রক্রিয়ার বাইরে রাখা যাবে না।
৩. দ্রুত নির্দিষ্ট একটি তারিখ ঘোষণা করতে হবে এবং লিখিতভাবে স্মারকলিপি দিতে হবে।
৪. সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টা ও প্রবাসীকল্যাণ উপদেষ্টার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জমা দিতে হবে।
৫. নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের পাঠানো সম্ভব না হলে বিকল্প কর্মসংস্থান ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে হবে।
দেশবার্তা/একে