কিশোরগঞ্জের ইটনায় আলোচিত রুমান হত্যা মামলার প্রধান আসামি মো. আব্দুল করিমকে (৫৭) বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
শুক্রবার (১৮ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪’র একটি দল বিমানবন্দরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় আব্দুল করিম দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন।
এছাড়া, মামলার ৭ নম্বর আসামি মাসুক মিয়াকে (৪০) কিশোরগঞ্জে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ইটনা থানার অফিসার ইনচার্জ মো. জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, রুমান হত্যা মামলার দুই আসামিকে আমরা গ্রেপ্তার করেছি। মামলার অন্যান্য আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ১২ অক্টোবর ইটনা উপজেলার একটি গ্রামে গরু চুরি ও জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে রুমান মিয়া নিহত হন।
নিহতের বাবা মো. জালাল উদ্দিন বাদী হয়ে আব্দুল করিমকে প্রধান আসামি করে ৭০ জনের বিরুদ্ধে ইটনা থানায় মামলা করেন। মামলার পর থেকেই আইনশৃঙ্খলা বাহিনী আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছে।