ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে দেশের ৩০০ আসনেই আসনভিত্তিক কর্মকর্তাদের দায়িত্ব বণ্টনের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন পাঁচটি আসনে, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দশটি আসনে এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী একটি আসনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন।
ড. মো. জিয়াউদ্দীন চট্টগ্রাম–৪ (সীতাকুণ্ড ও চসিকের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড), চট্টগ্রাম–৫ (হাটহাজারী ও চসিকের ১০ ও ২ নম্বর ওয়ার্ড), চট্টগ্রাম–৮ (বোয়ালখালী উপজেলা ও চসিকের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড), চট্টগ্রাম–৯ (কোতোয়ালী) এবং চট্টগ্রাম–১০ (পাহাড়তলী–হালিশহর–খুলশী) আসনের দায়িত্বে থাকবেন।
চট্টগ্রাম–১১ (বন্দর–পতেঙ্গা) আসনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী। এ আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ও বন্দর থানার নির্বাচন কর্মকর্তা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা দায়িত্ব পালন করবেন চট্টগ্রাম–১ (মীরসরাই), চট্টগ্রাম–২ (ফটিকছড়ি), চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ), চট্টগ্রাম–৬ (রাউজান), চট্টগ্রাম–৭ (রাঙ্গুনিয়া), চট্টগ্রাম–১২ (পটিয়া), চট্টগ্রাম–১৩ (আনোয়ারা–কর্ণফুলী), চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক), চট্টগ্রাম–১৫ (লোহাগাড়া ও সাতকানিয়ার আংশিক) এবং চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে।
চট্টগ্রামের প্রতিটি আসনে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন। এছাড়া সীতাকুণ্ড, হাটহাজারী, বোয়ালখালী, চান্দগাঁও, কোতোয়ালী, পাহাড়তলী ও ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তারা সংশ্লিষ্ট আসনগুলোতে সহকারী রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকবেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিনিধি/একে