ইসরায়েলি পুলিশের সাইবার প্রযুক্তি কেন্দ্র এবং দেশটির উত্তরাঞ্চলে অবস্থিত একটি অস্ত্র উৎপাদন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান।
মঙ্গলবার (১৭ মার্চ) ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল থেকে ইসরায়েলি সাইবার প্রযুক্তি কেন্দ্র ও রাফায়েল অস্ত্র উৎপাদন ভবনকে লক্ষ্যবস্তু করেছে ইরানের সেনাবাহিনী।
দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, অধিকৃত ইসরায়েলি ভূখণ্ডের একটি অস্ত্র নির্মাণ কমপ্লেক্সে ড্রোন হামলা চালানো হয়েছে।
ইরানি সেনাবাহিনীর ওই বিবৃতিতে দাবি করা হয়, ইসরায়েলের এই সাইবার প্রযুক্তি কেন্দ্রটি তাদের বাহিনীকে গাইডেড ওয়েপন সিস্টেমের সফটওয়্যার ও হার্ডওয়্যার সরবরাহ করে আসছিল। এ ছাড়া ইরানের জনবহুল কেন্দ্রগুলোতে সন্ত্রাসী হামলার উদ্দেশ্যে এই কেন্দ্র থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা-ভিত্তিক (এআই) আধুনিক প্রযুক্তি ও সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
তবে এই হামলার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বা ইসরায়েলি পক্ষের কোনো প্রতিক্রিয়া সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।
দেশবার্তা/একে