ইরানের অভ্যন্তরে টানা কয়েক সপ্তাহ ধরে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে রোববার (২৯ মার্চ) এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের কৌশলগত পয়েন্টগুলোতে ইতিমধ্যে কয়েক হাজার মার্কিন সেনাকে জড়ো করা হয়েছে, যাদের মাধ্যমে ইরানে এই বিশেষ স্থল হামলা চালানো হতে পারে।
তবে পেন্টাগনের এই পরিকল্পনা প্রথাগত কোনো যুদ্ধ বা সাধারণ স্থল হামলার মতো হবে না বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
মার্কিন সামরিক কর্মকর্তারা এই সম্ভাব্য অভিযানকে ‘যুদ্ধের নতুন ধাপ’ হিসেবে অভিহিত করেছেন। তাদের মতে, এই প্রক্রিয়াটি যুদ্ধ শুরুর প্রাথমিক সময়ের চেয়েও মার্কিন সেনাদের জন্য অনেক বেশি ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানিয়েছেন, এটি ঢালাও কোনো আক্রমণ নয়; বরং ইরানের নির্দিষ্ট স্থাপনাগুলোতে স্পেশাল ফোর্স এবং আর্টিলারি বা কামান সেনাদের মাধ্যমে ঝটিকা অভিযান বা ‘রেইড’ চালানো হবে।
তবে এই অভিযানের সময় মার্কিন সেনারা ইরানি ড্রোন, মিসাইল এবং প্রবল প্রতিরোধের মুখে পড়তে পারেন বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে।
এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কাজ হলো সম্ভাব্য সব ধরনের সামরিক প্রস্তুতি সম্পন্ন রাখা, যাতে কমান্ডার ইন চিফ বা প্রেসিডেন্ট যেকোনো পরিস্থিতিতে সর্বোচ্চ সুবিধা নিতে পারেন।
তবে তিনি স্পষ্ট করেছেন যে, পরিকল্পনা তৈরির অর্থ এই নয় যে প্রেসিডেন্ট ইতিমধ্যে স্থল হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
স্থল অভিযানের সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে লোহিত সাগর ও পারস্য উপসাগরের মধ্যবর্তী হরমুজ প্রণালীর কাছে অবস্থিত ‘খার্গ দ্বীপ’কে বিবেচনা করছে যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, ইরান তাদের মোট অপরিশোধিত তেলের প্রায় ৯০ শতাংশ এই দ্বীপের মাধ্যমেই রপ্তানি করে থাকে। হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল নির্বিঘ্ন করতে এই দ্বীপটি মার্কিন বাহিনীর প্রধান টার্গেট হতে পারে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তার মতে, এই স্থল অভিযানের মেয়াদ কয়েক সপ্তাহ হতে পারে। তবে অন্য একটি সূত্র দাবি করেছে, পরিস্থিতির জটিলতা অনুযায়ী এই সংঘাত কয়েক মাস পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই অস্থিরতায় এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ৩০০ জন আহত হয়েছেন বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।