ই-পেপার |  ঢাকা, বাংলাদেশ  |  বৃহস্পতিবার | ১৬ এপ্রিল ২০২৬ | ৩ বৈশাখ ১৪৩৩ 
https://thedailydeshbarta.com/ad/1756793693_Self-1.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793710_Self-2.jpg

সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৩৬
চলমান বার্তা:
খুলনার বটিয়াঘাটায় বিআরডিবি কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে তদন্ত শুরু
সার্টিফিকেট মামলার প্রস্তুতি
খুলনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১৪:৩৯  (ভিজিটর : )

খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অফিসের এক সহকারী প্রকল্প পরিচালক ও এক মাঠকর্মীসহ মোট ৬ জনের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ড, অর্থ আত্মসাৎ, সদস্য ভর্তি নিয়ে অনিয়ম এবং স্বজনপ্রীতির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগকে কেন্দ্র করে ভুক্তভোগী সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, বটিয়াঘাটা বিআরডিবি অফিসের সহকারী প্রকল্প পরিচালক মো. সুফিয়ান ও মাঠকর্মী শারমিন আক্তারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে নানা ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। বিশেষ করে সমবায় সমিতিতে সদস্য ভর্তি, ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে অর্থ আদায় এবং সদস্যদের সঙ্গে প্রতারণার মতো অভিযোগ তুলেছেন একাধিক ভুক্তভোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক অফিসের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী জানান, শুধু মাঠ পর্যায়েই নয়, অফিসের অভ্যন্তরেও তাদের কর্মকাণ্ড নিয়ে অসন্তোষ রয়েছে। তাদের বিরুদ্ধে অফিসের পরিবেশ নষ্ট করা এবং দায়িত্ব পালনে অনিয়মের অভিযোগও রয়েছে।

এদিকে, মাঠকর্মী শারমিন আক্তার পূর্বে ডুমুরিয়া উপজেলায় কর্মরত থাকাকালেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল। পরে এসব অভিযোগের প্রেক্ষিতে তাকে বটিয়াঘাটায় বদলি করা হয় বলে জানা গেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্প পরিচালক সুফিয়ান বিভিন্ন গ্রামে গিয়ে বিআরডিবির সদস্যদের পাসবই ব্যবহার করে ‘সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি’ নামে সদস্য ভর্তি করান। এরপর বিআরডিবি থেকে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সদস্যদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করা হয়।

ভুক্তভোগী সদস্য তৃপ্তি পাল ও অমিতা মণ্ডলসহ একাধিক ব্যক্তি জানান, তারা ২০২৩ সালে বিআরডিবি সমিতিতে সদস্য হন। কিন্তু ঋণের জন্য আবেদন করলেও নানা অজুহাতে তাদের ঘোরানো হচ্ছে।

অন্য এক ভুক্তভোগী মাধুরী মণ্ডল বলেন, “শারমিন আমার কাছ থেকে ভর্তি বাবদ বেশ কিছু টাকা নিয়েছে, লোন দেওয়ার কথা বলে। কিন্তু লোন চাইলে আজ না কাল বলে ঘোরাতে থাকে।”

ভুক্তভোগীরা আরও অভিযোগ করেন, সঞ্চয়ের টাকা ফেরত চাইলে বিভিন্নভাবে টালবাহানা করা হচ্ছে। এছাড়া প্রশিক্ষণ (ট্রেনিং) দেওয়ার কথা বলে আগাম টাকা নেওয়ার অভিযোগও রয়েছে। বলা হয়েছিল প্রশিক্ষণ শেষে দ্রুত ঋণ দেওয়া হবে, কিন্তু দীর্ঘ সময় পার হলেও তারা কোনো ঋণ পাননি।

তবে অভিযোগ অস্বীকার করে মাঠকর্মী শারমিন আক্তার বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়। সদস্য ভর্তি সংক্রান্ত সব বিষয়ে অফিসের ম্যাডামের অনুমতি নিতে হয়। তার অনুমতি ছাড়া কোনো সদস্য ভর্তি করা সম্ভব নয়।” সুফিয়ানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগের বিষয়ে তিনি মন্তব্য করতে চাননি।

অন্যদিকে সহকারী প্রকল্প পরিচালক মো. সুফিয়ান অভিযোগকে ভিত্তিহীন দাবি করে বলেন, “শারমিনের সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা প্রেমের সম্পর্ক নেই।”

বটিয়াঘাটা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুলতানা নাছরীন জানান, শারমিন আক্তার ও সুফিয়ানের বিরুদ্ধে জেলা ও কেন্দ্রীয় কার্যালয়ে একাধিকবার লিখিত অভিযোগ পাঠানো হয়েছে। মাঠ পর্যায় থেকে ধারাবাহিক অভিযোগ আসায় বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

তিনি আরও জানান, শারমিন সুলতানা, শিফালী মণ্ডল, সরবানী গোলদার, সুলেখা বৈরাগী, এআরডি আবু সুফিয়ান এবং তার স্ত্রী কবরী জাহানের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। তাদের বিরুদ্ধে সার্টিফিকেট মামলার প্রস্তুতিও চলছে এবং বর্তমানে সংশ্লিষ্ট কর্মীদের বেতন স্থগিত রাখা হয়েছে।

এ বিষয়ে বিআরডিবি খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রমাণ সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান জানান, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং সার্টিফিকেট মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের দাবি, অভিযোগগুলোর দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হোক।

প্রতিনিধি/আরএইচ
মতামত লিখুন:
আরও পড়ুন 
নির্বাচিত সংবাদ
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
ঢাকাসহ সারাদেশে বৃষ্টির পূর্বাভাস
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক গেলেন পররাষ্ট্রমন্ত্রী
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
৩ দিনের ব্যবধানে মোহাম্মদপুরে আবারও হত্যাকাণ্ড
স্বত্ব © ২০২৫ দেশ বার্তা | সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
https://thedailydeshbarta.com/ad/1756793725_Self-3.jpg
https://thedailydeshbarta.com/ad/1756793740_Self-4.jpg