নরসিংদীর শিবপুর এবং মাধবদীতে পৃথক দুটি ধর্ষণের অভিযোগ উঠেছে। এসব ঘটনায় শিবপুর মডেল থানা ও মাধবদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং অভিযান চালিয়ে পুলিশ এক বৃদ্ধসহ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানান শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
বুধবার (২৯ এপ্রিল) সকালে স্ব স্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে হাবিজের ছেলে আতিকুর রহমান ওরফে সেতেরা (৭০), সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. রাব্বি (১৪) ও একই গ্রামের সিপন মিয়ার ছেলে মো. সীমান্ত (১৪)।
শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার দুলালপুর ইউনিয়নে সাতপাইকা গ্রামের ৭ বছরের এক শিশু প্রতিদিনের মতো আতিকুর রহমান ওরফে সেতেরা মিয়ার দোকানে কেনাকাটা করতে গেলে তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিশুটি তার বাড়িতে গিয়ে বিষয়টি ভুক্তভোগীর পরিবারকে জানায়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত আতিকুর রহমান সেতেরাকে গ্রেফতার করে।
এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
অপর এক ঘটনায় মাধবদী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামে ৯ বছরের এক শিশুকে ডেকে নিয়ে শ্মশানের পাশে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়। পরে ভুক্তভোগী ওই শিশু বিষয়টি তার মাকে জানালে ভুক্তভোগীর মা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পরে পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বি ও সীমান্ত নামক দুই কিশোরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণকৃত মোবাইল সেটটিও জব্দ করা হয়।
এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার এবং মোবাইল সেটটি জব্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের এবং আসামিদ্বয়কে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/আরএইচ