নারায়ণগঞ্জ শহরে উচ্ছেদ হওয়া হকাররা পুনর্বাসনের দাবিতে আবারও বিক্ষোভে নেমেছেন। বুধবার (২৯ এপ্রিল) বিকেলে চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়ে তারা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন।
সমাবেশে হকার নেতারা সংক্ষিপ্ত বক্তব্য দেন। পরে জাতীয়বাদী হকার ইউনিয়নের নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি কেএম মিজানুর রহমান রনির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খাঁ সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
মিছিল চলাকালে হকাররা পুনর্বাসনের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা শায়েস্তা খাঁ সড়কে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালামের বাসার সামনে কিছু সময় অবস্থান নিয়ে দাবি জানান। পরে মিছিলটি আবার কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা জানান, শহরে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার হকার থাকলেও আন্দোলনে এখনো তুলনামূলক কমসংখ্যক অংশ নিচ্ছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
হকারদের মতে, তাদের আয়ের ওপরই পরিবার ও সন্তানদের পড়াশোনা নির্ভরশীল। তাই বিকল্প ব্যবস্থা ছাড়া উচ্ছেদ করা হলে তারা চরম সংকটে পড়বেন। পুনর্বাসনের আগে উচ্ছেদ বন্ধ এবং অন্তত বিকেল পাঁচটার পর ফুটপাতে বসার সুযোগ দেওয়ার দাবি জানান তারা।
তারা আরও হুঁশিয়ারি দেন, দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা না করা হলে আন্দোলন আরও জোরদার করা হবে।
উল্লেখ্য, গত ১৩ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে শহরের প্রধান সড়ক ও ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়। এতে দীর্ঘদিন পর ফুটপাত দখলমুক্ত হওয়ায় স্বস্তি প্রকাশ করেন পথচারীরা।
তবে উচ্ছেদের পর থেকেই পুনর্বাসনের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছেন হকাররা। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফুটপাত দখল করে কোনো ব্যবসা করতে দেওয়া হবে না। তবে বিকল্প স্থানে হকারদের পুনর্বাসনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
প্রতিনিধি/আরএইচ