বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল (বুটেক্স) এবং বিশ্ববিদ্যালয়ের ‘ক্যারিয়ার ক্লাব’ এর সহযোগিতায় প্রাইম ব্যাংক পিএলসি একটি বিশেষ সেমিনারের আয়োজন করেছে।
ব্যাংকের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইম একাডেমিয়া’র আওতায় “ফাইন্যান্সিয়াল ইনক্লুশন: এনগেজিং অ্যান্ড ইনস্পায়ারিং ইয়ুথ ইন ব্যাংকিং” শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও চিফ ইনফরমেশন অফিসার সৈয়দ সাজ্জাদ হায়দার চৌধুরী।
তিনি তরুণদের ক্যারিয়ার গঠন, জটিল পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং বর্তমান শিল্প-সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং শায়লা আবেদীন তাঁর বক্তব্যে নৈতিক নেতৃত্ব এবং ভবিষ্যৎ কর্মক্ষেত্রে নারীদের ক্রমবর্ধমান ভূমিকার ওপর আলোকপাত করেন।
অন্যদিকে, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম এম মাহবুব হাসান তরুণদের জন্য আর্থিক সাক্ষরতা ও অর্থ ব্যবস্থাপনার গুরুত্ব ব্যাখ্যা করেন এবং ব্যাংকের ৩১ বছরের পথচলার সাফল্যের চিত্র তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুটেক্সের উপাচার্য প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিন। তিনি শিক্ষার্থীদের পেশাগত জীবনে দক্ষ করে তুলতে ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সহযোগিতা আরও জোরদারের আহ্বান জানান।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. মো. মশিউর রহমান।
আয়োজকেরা জানান, এই সেমিনারের মাধ্যমে প্রাইম ব্যাংক তারুণ্যের আর্থিক ক্ষমতায়ন এবং আর্থিক অন্তর্ভুক্তি সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও বাস্তবমুখী ব্যাংকিং সেবার মধ্যে একটি কার্যকর সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে।
দেশবার্তা/একে