এনসিসি ব্যাংক সম্প্রতি তাদের প্রধান কার্যালয়ের নারী কর্মীদের জন্য ‘মাইন্ড ম্যাটারস: ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ টক ফর ওমেন’ শীর্ষক একটি মানসিক স্বাস্থ্য সচেতনতা মূলক কর্মশালার আয়োজন করেছে। ব্যাংকের একটি অন্তর্ভুক্তিমূলক ও সুস্থ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ এবং বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিকেল কলেজের মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. নাসিম জাহান।
তিনি কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, যেমন- মানসিক চাপ ব্যবস্থাপনা, আবেগীয় স্থিতিস্থাপকতা এবং কর্মজীবন ও ব্যক্তিজীবনের ভারসাম্য বজায় রাখা নিয়ে একটি তথ্যবহুল উপস্থাপনা প্রদান করেন।
কর্মশালায় অংশগ্রহণকারীদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন মানসিক স্বাস্থ্য মূল্যায়ন টুলসের সঙ্গে পরিচিত করা হয়। এর মধ্যে রয়েছে ডিপ্রেশন অ্যাংজাইটি স্ট্রেস স্কেল (ডিএএসএস) এবং পেশেন্ট হেলথ কোয়েশ্চেনেয়ার (পিএইচকিউ)। এসব টুলস ব্যবহার করে কর্মীরা কীভাবে নিজেদের মানসিক অবস্থা সম্পর্কে সচেতন হতে পারবেন এবং প্রাথমিক পর্যায়ে চাপ, উদ্বেগ ও বিষণ্নতা শনাক্ত ও ব্যবস্থাপনা করতে পারবেন, সে বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
এনসিসি ব্যাংকের ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ পুরো কর্মশালাটি সঞ্চালনা করেন। ব্যাংকের প্রধান কার্যালয়ের ১৪২ জন নারী কর্মকর্তা সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এছাড়া দেশের বিভিন্ন প্রান্তের শাখাগুলো থেকে নারী কর্মকর্তারা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই কর্মশালায় যুক্ত হন।
অংশগ্রহণকারী নারী কর্মকর্তারা ব্যাংকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। বর্তমানের পরিবর্তনশীল ও চ্যালেঞ্জিং কর্মপরিবেশে মানসিক স্বাস্থ্য নিয়ে এ ধরনের আয়োজনকে তাঁরা অত্যন্ত সময়োপযোগী এবং প্রয়োজনীয় বলে অভিমত ব্যক্ত করেন।
দেশবার্তা/একে