সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হঠাৎ করেই বড় ধরনের ধস নেমেছে বিশ্বখ্যাত তারকাদের ফলোয়ার সংখ্যায়। মেটার মালিকানাধীন এই প্ল্যাটফর্মটি থেকে এক রাতেই উধাও হয়ে গেছেন লাখ লাখ অনুসারী। হলিউড, বলিউড থেকে শুরু করে ক্রীড়াঙ্গনের মহাতারকারা এই তালিকায় রয়েছেন। মূলত ভুয়া, বট এবং নিষ্ক্রিয় অ্যাকাউন্ট সরানোর অংশ হিসেবে ইনস্টাগ্রাম এই বিশেষ অভিযান শুরু করেছে বলে জানা গেছে।
ইন্টারনেট দুনিয়ায় এই ঘটনাটি ‘দ্য গ্রেট পার্জ অব ২০২৬’ নামে পরিচিতি পেয়েছে। যদিও মেটা কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
তবে সংশ্লিষ্টরা বলছেন, প্ল্যাটফর্মকে স্প্যামমুক্ত করতেই এই পদক্ষেপ।
এই অভিযানে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছেন কাইলি জেনার; তিনি হারিয়েছেন ১ কোটি ৪০ লাখেরও বেশি ফলোয়ার। ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর ফলোয়ার কমেছে প্রায় ৮০ লাখ এবং সেলেনা গোমেজের কমেছে প্রায় ৬০ লাখ।
তালিকায় আরও রয়েছেন টেইলর সুইফট, কিম কার্দাশিয়ান, জেনিফার লোপেজ এবং প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা, যারা প্রত্যেকেই কয়েক লাখ থেকে শুরু করে অর্ধকোটি পর্যন্ত অনুসারী হারিয়েছেন। বাদ যাননি লিওনেল মেসি বা বিরাট কোহলির মতো ক্রীড়াবিদ কিংবা বিটিএস ও ব্ল্যাকপিংক-এর মতো জনপ্রিয় কে-পপ ব্যান্ডও।
মাত্র ছয় ঘণ্টার অভিযানে বিশ্বজুড়ে কয়েক কোটি অ্যাকাউন্ট সরিয়ে ফেলা হয়েছে। এতে তারকাদের পাশাপাশি সাধারণ কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সারদের ফলোয়ার সংখ্যাও ২ থেকে ৫ শতাংশ পর্যন্ত কমে গেছে।
অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন, বট অ্যাকাউন্টের পাশাপাশি কিছু বৈধ অ্যাকাউন্টও ভুলবশত সরিয়ে ফেলা হয়েছে। একই সময়ে মেটার অন্য প্ল্যাটফর্ম 'থ্রেডস'-এ অনেক ব্যবহারকারী তাদের অ্যাকাউন্ট সীমাবদ্ধ বা সাময়িক নিষেধাজ্ঞার কবলে পড়ার কথা জানিয়েছেন।
এই ফলোয়ার বিয়োগ নিয়ে এখন পর্যন্ত কোনো তারকা সরাসরি মুখ না খুললেও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক চর্চা চলছে।
দেশবার্তা/একে