ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর দরিদ্র পরিবারগুলোর মাঝে স্বাস্থ্যসেবা কার্ড বিতরণের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। ইতোমধ্যে কার্ড তৈরির কাজও সম্পন্নের পথে রয়েছে। সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শনিবার (৯ মে) সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দ্রুততম সময়ের মধ্যেই সুবিধাভোগীদের হাতে স্বাস্থ্যসেবা কার্ড পৌঁছে দেওয়া হবে।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এ স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে নগরীর দরিদ্র জনগোষ্ঠী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে চিকিৎসাসেবা, ওষুধ ও প্যাথলজি সুবিধা পাবেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন বলেন, “নগরীর কোনো দরিদ্র মানুষ যেন অর্থের অভাবে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সেটি নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্যসেবা কার্ডের মাধ্যমে আমরা প্রান্তিক মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে চাই।”
তিনি আরও জানান, ওয়ার্ডভিত্তিক তালিকা যাচাই-বাছাই করে প্রকৃত দরিদ্রদের হাতেই কার্ড তুলে দেওয়া হবে। কার্ড বিতরণের তারিখ ও স্থান শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এদিকে, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ কার্ড তৈরির শেষ মুহূর্তের কাজ তদারকি করছে বলে জানা গেছে।
প্রতিনিধি/আরএইচ