মাগুরায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি গ্রাম্য দাঙ্গা, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক নিরাপত্তা জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার শাহ সিভলী সাদিক, সিভিল সার্জন ডা. শামীম কবীর, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহেদ হাসান টগর, মাগুরা রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি অ্যাডভোকেট আহমেদ হোসেন, মাগুরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলফাজ উদ্দিন, মাগুরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ কাজী শামছুজ্জামান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মহসীন ফকির, এনএসআই-এর সহকারী পরিচালক, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান, চেম্বারের সভাপতি আখতার হোসেন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তাজুল ইসলামসহ অনেকে।
সভায় বক্তারা বলেন, গ্রাম্য দাঙ্গা ও সামাজিক সংঘাত প্রতিরোধে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ জরুরি। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ তার বক্তব্যে বলেন, মাগুরা জেলাকে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য রাখতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
সভায় আরও বলা হয়, শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী করতে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে শিক্ষকদের নৈতিক দায়িত্বশীলতার সঙ্গে পাঠদান করার আহ্বান জানানো হয়।
সভা শেষে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা গ্রহণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ