ঢালিউডের চিরসবুজ চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বইয়ের দশক থেকে বড় পর্দা কাঁপানো এই অভিনেত্রী আজও সমান জনপ্রিয়। সমসাময়িক নায়িকাদের ভিড়ে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে বারবার আলোচনায় থাকেন তিনি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও পূর্ণিমার সরব উপস্থিতি ভক্তদের দারুণ মুগ্ধ করে।
সম্প্রতি ফেসবুকে একগুচ্ছ নতুন ছবি শেয়ার করেছেন এই লাস্যময়ী তারকা। সেখানে তাকে দেখা গেছে গাঢ় সবুজ রঙের একটি জমকালো পোশাকে। পোশাকজুড়ে সোনালি সুতার সূক্ষ্ম কারুকাজ তার লুকে যোগ করেছে আভিজাত্য। খোলা চুল, হালকা গ্ল্যাম মেকআপ আর কানে বড় দুল—সব মিলিয়ে পূর্ণিমার উপস্থিতি ছিল রাজকীয়।
ছবি: ফেসবুক থেকে
শেয়ার করা ছবিগুলোতে একেক রকম অভিব্যক্তিতে ধরা দিয়েছেন অভিনেত্রী। কোথাও তার মুখে মিষ্টি হাসি, আবার কোথাও আনমনে দূরে তাকিয়ে থাকা। সবুজ পোশাকের সঙ্গে সোনালি ব্যাকড্রপ আর লাল আলোর ব্যবহার ছবিগুলোকে এক ভিন্ন মাত্রা দিয়েছে।
ছবিগুলো পোস্ট করার পর থেকেই ভক্ত-অনুরাগীদের প্রশংসায় ভাসছেন তিনি। মন্তব্যের ঘরে কেউ লিখেছেন, ‘সময় যত যাচ্ছে, পূর্ণিমা ততই সুন্দর হচ্ছেন।’ আবার কেউ তাকে ‘বাংলা চলচ্চিত্রের চিরসবুজ নায়িকা’ বলে অভিহিত করেছেন।
উল্লেখ্য, ১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে পূর্ণিমার। তখন তিনি নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। শুরুর দিকেই অভিনয় আর শারীরিক সৌন্দর্য দিয়ে দর্শকদের মন জয় করে নেন তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে ‘মিস ডায়না’ ও ‘কাল্লু মামা’র মতো সিনেমায় বৈচিত্র্যময় লুকে হাজির হয়ে ব্যাপক পরিচিতি পান এই অভিনেত্রী।