গাড়িতে গ্যাস বিস্ফোরণের ঘটনায় ওমানে চার প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত সকলেই আপন সহোদর এবং চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।
বুধবার (১৩ মে) ওমানের মুলাদ্দা নামক স্থানে স্থানীয় সময় দুপুর আনুমানিক ২টার দিকে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
নিহত ৪ ভাই হলেন- মো. রাশেদ, মো. শাহেদ, মো. সিরাজ ও মো. শহিদ। তারা সকলেই উপজেলার লালানগর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বন্দারাজার পাড়া এলাকার আবদুল মজিদের সন্তান।
ওমান পুলিশ সূত্রে জানা গেছে, ওমানের মুলাদ্দায় স্থানীয় সময় দুপুরের দিকে গাড়ির এসির বিস্ফোরণ ঘটে তাদের মৃত্যু হয়। পরে পুলিশ গিয়ে চার ভাইয়ের লাশ উদ্ধার করে।
তবে বিস্ফোরণের ঘটনা নাকি অন্যকিছু সেটা নিয়ে ধোঁয়াশা তৈরী হয়েছে। কেউ কেউ বলছে এসির বিষাক্ত গ্যাসে তাদের মৃত্যু হয়েছে। তাই গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখছে ওমান পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, চার ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের দেশে ফেরার কথা ছিল। তাদের এক ভাইয়ের বিয়েও ঠিক হয়েছিল। বিয়ের কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে প্রাণ হারান চার ভাই।
এদিকে ঘটনাটি রাতের দিকে এলাকায় ছড়িয়ে পড়লে পুরো রাঙ্গুনিয়াজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাদের মর্মান্তুিক মৃত্যুতে পরিবারে মাতম শুরু হয়, বিলাপ করতে থাকে তাদের স্ত্রী-সন্তান থেকে শুরু করে আত্মীয় স্বজনরা। অন্যদিকে রাঙ্গুনিয়ার ওমান প্রবাসীরাও জানিয়েছেন শোক, আশ্বাস দিয়েছেন সহযোগিতার।
পারিবারিক সুত্রে জানা গেছে, ওই পরিবারের ৫ ভাইয়ের মধ্যে ৪ ভাই-ই ওমান প্রবাসী ছিলেন। তাদের মধ্যে দুই ভাই অবিবাহিত ছিলেন এবং আগামী ১৫ তারিখ তাদের দেশে ফেরার কথা ছিল। দেশে ফেরার উদ্দেশ্যে তারা কেনাকাটা করতে বের হয়েছিলেন। কেনাকাটা শেষে ফেরার পথে এই ঘটনা ঘটে।
প্রাথমিক তদন্তে ওমান পুলিশ ধারণা করছে, দীর্ঘক্ষণ গাড়িটি চালু অবস্থায় স্থির থাকার ফলে এর এসি (Air Conditioner) থেকে কোনো বিষাক্ত গ্যাস নির্গত হয়ে গাড়ির ভেতরে ছড়িয়ে পড়তে পারে। সেই গ্যাস নিঃশ্বাসের সাথে শরীরে প্রবেশ করার কারণেই তাদের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত করতে পুলিশ মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। নিহতদের মরদেহ বর্তমানে স্থানীয় পুলিশের তত্ত্বাবধানে রয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তাদের মৃত্যুর রহস্য!
পারিবারিক সুত্রে আরও জানা গেছে, ৫ ভাইয়ের মধ্যে অবশিষ্ট একমাত্র ভাই বর্তমানে দেশে অবস্থান করছেন। নিহতদের মধ্যে বড় ভাই বিবাহিত ছিলেন এবং তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্য এক ভাইও সম্প্রতি বিয়ে করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। দুই ভাই একসাথে দেশে ফেরার আনন্দ নিয়ে শপিং করতে বের হলেও, ফিরবেন নিথর দেহ নিয়ে।
প্রতিনিধি/আরএইচ