জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল পেয়ে যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ এক প্রসূতি মা ও নবজাতককে জরুরি চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার ভোলা থেকে “এমভি আসা যাওয়া-২” নামের একটি যাত্রীবাহী লঞ্চে করে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এক গর্ভবতী নারী। সকাল ১১টার দিকে লঞ্চটি চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন এলাকায় পৌঁছালে ওই নারীর হঠাৎ প্রসব বেদনা শুরু হয় এবং তাৎক্ষণিকভাবে শিশুর জন্ম হয়। এ সময় প্রসূতির শারীরিক অবস্থার অবনতি ঘটে।
পরিস্থিতি গুরুতর হয়ে পড়লে লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ কল করে সহায়তা চান।
খবর পেয়ে কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রসূতি মা ও নবজাতককে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরে তাদের ইজিবাইকে করে মোহনপুর ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু হাসপাতালে পাঠানো হয়।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়, জনসেবায় বাহিনীটি সবসময় নিয়োজিত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
দেশবার্তা/আরএইচ