সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার আনোয়ার হোসেন নামের এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টার দিকে মদনপুর-আড়াইহাজার সড়কের জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি গোপালদী পৌরসভার ভূমি সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আড়াইহাজার উপজেলায় কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার এলাকায় মোটরসাইকেলের সাথে ট্রাকের সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, ট্রাকের সাথে মোটরসাইকেল সংঘর্ষে একজন নিহত হওয়ার খবর পেয়েছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিনিধি/আরএইচ