নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতদের হামলায় নজরুল ইসলাম (৫০) নামে এক সুতা ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই এলাকার গাজী মিস্ত্রীর ছেলে। এ ঘটনায় উজ্জ্বল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
নিহতের স্ত্রী শাহানাজ বেগম জানান, রাত ২টার দিকে চার থেকে পাঁচজনের একটি মুখোশধারী ডাকাত দল দরজার সামনে এসে নজরুল ইসলামকে নাম ধরে ডাকতে থাকে। দরজা খুলতেই কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে সবার হাত-পা বেঁধে মারধর করে আলমারির চাবি নিয়ে নেয় তারা।
পরিবার সূত্রে জানা যায়, নজরুল ইসলাম ও তার স্ত্রী শাহানাজ বেগমকে হাত-পা বেঁধে মারধরের একপর্যায়ে নজরুল ইসলাম ডাকাতদের চিনে ফেলেন। এ সময় তাকে শ্বাসরোধে হত্যা করা হয় বলে অভিযোগ পরিবারের।
ডাকাতরা যাওয়ার সময় ঘর থেকে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৬০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোনসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে দাবি করেছেন শাহানাজ বেগম।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, “ডাকাতির ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।”
প্রতিনিধি/আরএইচ