নেত্রকোনার মদন উপজেলায় ধর্ষণের শিকার হয়ে ১১ বছরের মাদ্রাসাছাত্রীর অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনাটি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘আইনগত সহায়তায় সমন্বিত উদ্যোগ, দায়িত্ব ও বাস্তবায়ন কৌশল’ শীর্ষক কর্মশালায় তিনি এ তথ্য জানান।
গত ৩০ এপ্রিল ওই শিশুকে তার মা চিকিৎসকের কাছে নিয়ে যান। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, শিশুটি ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরে শিশুটির সঙ্গে কথা বলে চিকিৎসক জানতে পারেন, স্থানীয় একটি মাদ্রাসার হুজুর তাকে ধর্ষণ করেছে, যার ফলে সে অন্তঃসত্ত্বা। এই ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর থেকে কারাগারে রয়েছেন ওই মাদ্রাসা শিক্ষক।
ব্র্যাক সেন্টারে হওয়া কর্মশালায় ঘটনাটি আইনমন্ত্রীর নজরে আনা হয়। প্রতিক্রিয়ায় তিনি বলেন, সরকার এটা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এটি সামাজিক অবক্ষয়ের অংশ। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ তৎপর রয়েছে।
সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, সরকার আইনগত সহায়তা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায়। সরকারি-বেসরকারি উদ্যোগে গরীব, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন।’
দেশবার্তা/একে