দুর্নীতি, অনিয়ম ও খেলোয়াড়দের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসার মাহাবুবুর রহমানের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন জেলার বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়েরা।
মঙ্গলবার বেলা ১২টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন ডিসিপ্লিনের নারী ও পুরুষ খেলোয়াড়েরা অংশ নেন।
মানববন্ধনে খেলোয়াড়দের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ক্রীড়া সংগঠক খন্দকার আরিফ হাসান প্রিন্স। এছাড়া খেলোয়াড়দের পক্ষে বক্তব্য দেন উম্মে ফাতেমা উর্মি, সোহেলী আক্তার শামীমা, সালমা খাতুন, নদী বিশ্বাস ও মেহেদী রাজু প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জেলা ক্রীড়া অফিসার খেলোয়াড়দের প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী ও জার্সি দিতে অনীহা প্রকাশ করেন। খেলোয়াড়দের জন্য বরাদ্দকৃত সরকারি অনুদান প্রকৃত খেলোয়াড়দের না দিয়ে অফিসের স্টাফ বা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত নন—এমন ব্যক্তিদের নামে বিতরণ করা হয় বলেও দাবি করেন তারা।
বিশেষ করে নারী খেলোয়াড়েরা অভিযোগ তুলে বলেন, জেলা ক্রীড়া অফিসার তাঁদের খেলাধুলায় উৎসাহিত তো করেনই না, উল্টো বৈষম্যমূলক আচরণ করেন। ফলে দরিদ্র পরিবার থেকে উঠে এসে, কষ্ট করে বাসা ভাড়া নিয়ে নিয়মিত অনুশীলন করার পরও তাঁরা সরকারি সকল সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন।
আন্দোলনরত খেলোয়াড়েরা জানান, আমরা কঠোর পরিশ্রম করে সাতক্ষীরার জন্য সুনাম বয়ে আনছি। অথচ আমাদেরই প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। এই অবস্থার পরিবর্তনে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জেলা ক্রীড়া অফিসারের দ্রুত অপসারণ এবং একজন দক্ষ, সৎ ও খেলোয়াড়বান্ধব কর্মকর্তা নিয়োগের দাবি জানাচ্ছি।
খেলোয়াড়েরা হুশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে অপসারণ না করা হলে জেলার ক্রীড়াঙ্গনকে বাঁচাতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিনিধি/একে