আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা বিশ্বকাপের ডামাডোল বাজতে শুরু করেছে। আড়াই মাসেরও কম সময় বাকি থাকতে পর্দা নামল প্লে-অফ পর্বের। শেষ দল হিসেবে ৪০ বছর পর বিশ্বকাপে জায়গা করে নিয়েছে এশিয়ান দেশ ইরাক। অন্যদিকে, টানা তৃতীয়বারের মতো বিশ্বমঞ্চ থেকে ছিটকে গিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
ইতালির বিষাদ ও বসনিয়ার উল্লাস
মঙ্গলবার রাতে মেক্সিকো ও ইউরোপে অনুষ্ঠিত প্লে-অফ ফাইনালে বসনিয়া-হার্জেগোভিনার মুখোমুখি হয়েছিল ইতালি। ম্যাচের প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করে আজ্জুরিরা। নির্ধারিত ৯০ মিনিট ও অতিরিক্ত ৩০ মিনিট ১-১ সমতায় শেষ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট পায় বসনিয়া। ইতালির হয়ে পেনাল্টি মিস করেন পিও এস্পোসিতো ও ব্রায়ান ক্রিস্টান্তে। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা করে নেওয়া বসনিয়া ‘বি’ গ্রুপে খেলবে কানাডা, কাতার ও সুইজারল্যান্ডের বিপক্ষে।
সুইডেন ও তুরস্কের প্রত্যাবর্তন
রবার্ট লেভান্ডফস্কির পোল্যান্ডকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ভিক্টর গিওকেরেসের সুইডেন। তারা খেলবে ‘এফ’ গ্রুপে, যেখানে প্রতিপক্ষ নেদারল্যান্ডস, জাপান ও তিউনিসিয়া। এদিকে কসোভোকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে ফিরেছে তুরস্ক। ‘সি’ গ্রুপে তাদের লড়তে হবে অস্ট্রেলিয়া, প্যারাগুয়ে ও স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে।
২০ বছর পর চেক প্রজাতন্ত্র, ৫২ বছর পর কঙ্গো
নাটকীয় এক ম্যাচে ডেনমার্ককে টাইব্রেকারে ৩-১ ব্যবধানে হারিয়ে ২০ বছর পর বিশ্বকাপে নাম লিখিয়েছে চেক প্রজাতন্ত্র। তারা গ্রুপ ‘এ’-তে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ কোরিয়ার সঙ্গী হয়েছে। অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফ ফাইনালে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপের স্বাদ পাচ্ছে ডিআর কঙ্গো। তারা গ্রুপ ‘কে’-তে খেলবে পর্তুগাল, উজবেকিস্তান ও কলম্বিয়ার বিপক্ষে।
ইরাকের ইতিহাস ও বিশ্বকাপ সূচি
আজ (বুধবার) সকালে বলিভিয়াকে ২-১ গোলে হারিয়ে ৪৮তম দল হিসেবে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করেছে ইরাক। ১৯৮৬ সালের পর এই প্রথম বিশ্বমঞ্চে দেখা যাবে তাদের। গ্রুপ ‘আই’-তে তারা সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স ছাড়াও সঙ্গী হিসেবে পেয়েছে নরওয়ে ও সেনেগালকে। ১৬ জুন ফক্সবোরোতে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইরাকের বিশ্বকাপ অভিযান।
বিশ্বকাপ নিশ্চিত করেছে যে ৪৮টি দল
স্বাগতিক: কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র।
এশিয়া (এএফসি): অস্ট্রেলিয়া, ইরাক, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, কাতার, সৌদি আরব, উজবেকিস্তান।
আফ্রিকা (সিএএফ): আলজেরিয়া, কেপ ভার্দে, কঙ্গো প্রজাতন্ত্র, আইভরি কোট, মিশর, ঘানা, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া।
মধ্য ও উত্তর আমেরিকা (কনকাকাফ): কুরাসাও, হাইতি, পানামা।
লাতিন আমেরিকা (কনমেবল): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।
ওশেনিয়া (ওএফসি): নিউজিল্যান্ড।
ইউরোপ (উয়েফা): অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইডেন, সুইজারল্যান্ড, তুরস্ক।