অনলাইন ব্যাংকিংয়ে হ্যাকিংয়ের মাধ্যমে গ্রাহকদের আর্থিক প্রতারণার শিকার হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এ ধরনের জালিয়াতি রোধে গ্রাহকদের জন্য জরুরি একগুচ্ছ নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
আজ মঙ্গলবার (৫ মে) এক বিশেষ বার্তায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে একটি অসাধু চক্র সাধারণ গ্রাহকদের অর্থ হাতিয়ে নিচ্ছে। এই ফাঁদ থেকে বাঁচতে গ্রাহকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় যা বলা হয়েছে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিংয়ের পিন (PIN), পাসওয়ার্ড বা ওটিপি (OTP) কখনোই কোনো ব্যক্তিকে বা কোনো অবস্থাতেই শেয়ার করা যাবে না। এছাড়া সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করা, অজানা উৎস থেকে ‘ফ্রি’ অ্যাপ ইনস্টল করা এবং অনলাইনে জুয়া খেলা থেকে সম্পূর্ণ বিরত থাকতে হবে।
লাইসেন্সবিহীন অ্যাপ নিয়ে সতর্কতা
সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ ব্যাংক, বিশ্বব্যাংক, আইএমএফ বা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম ব্যবহার করে বিভিন্ন লাইসেন্সবিহীন অ্যাপের মাধ্যমে জামানতবিহীন ঋণ বা বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এ ধরনের কোনো প্রস্তাব গ্রহণ না করতে এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে আর্থিক লেনদেন না করতে গ্রাহকদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, লটারি বা পুরস্কার জেতার মতো প্রলোভনমূলক অফার যাচাই ছাড়া বিশ্বাস করা যাবে না। মোবাইল অ্যাপ ও অনলাইন ব্যাংকিং ব্যবহারে সর্বোচ্চ সচেতনতাই পারে আপনার কষ্টার্জিত অর্থ সুরক্ষিত রাখতে।
অভিযোগ জানানোর মাধ্যম
ব্যাংকিং বা আর্থিক সেবা নিয়ে কোনো ধরনের অভিযোগ বা হয়রানির শিকার হলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংক বা নিকটস্থ থানায় যোগাযোগ করতে বলা হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের হটলাইন নম্বর ১৬২৩৬-এ কল করে অভিযোগ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।
দেশবার্তা/একে