দক্ষিণ কোরিয়ার আসন্ন স্থানীয় সরকার নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি দল পাঠাচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ মে থেকে ৫ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণে ইসির তিনজন কর্মকর্তা অংশ নেবেন বলে জানা গেছে।
রোববার (১০ মে) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন। এ উদ্যোগকে নির্বাচন ব্যবস্থাপনায় আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময়ের অংশ হিসেবে দেখা হচ্ছে।
ইসির উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দক্ষিণ কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশনের আমন্ত্রণে বাংলাদেশি প্রতিনিধি দল এ সফরে যাচ্ছে। পুরো সফরকালীন ব্যয় কোরিয়ার নির্বাচন কমিশন বহন করবে।
প্রতিনিধি দলে থাকছেন ইসির উপ-সচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ এবং প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, প্রতিনিধি দল আগামী ২৭ মে বাংলাদেশ থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে রওনা হবে এবং ৭ জুন দেশে ফিরে আসবে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, সফরকালে প্রতিনিধি দল দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচন প্রক্রিয়া, ভোটগ্রহণ ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর ভোট ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা এবং নির্বাচন পর্যবেক্ষণ কাঠামো ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে।
ইসি কর্মকর্তারা মনে করছেন, এই সফরের মাধ্যমে পাওয়া অভিজ্ঞতা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে আগামী এক বছরে দেশে চার হাজারের বেশি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় আধুনিক ও কার্যকর নির্বাচন ব্যবস্থাপনার জন্য এই অভিজ্ঞতা কাজে লাগবে।
নির্বাচন কমিশন বলছে, আন্তর্জাতিক পর্যবেক্ষণ কার্যক্রমের মাধ্যমে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা, দক্ষতা ও প্রযুক্তিগত উন্নয়ন সম্পর্কে ধারণা পাওয়া যায়, যা ভবিষ্যতে দেশীয় নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে।
বিশেষজ্ঞদের মতে, উন্নত দেশের নির্বাচন ব্যবস্থা পর্যবেক্ষণ করলে ভোটগ্রহণ, ফলাফল প্রক্রিয়াকরণ এবং ভোটার ব্যবস্থাপনায় নতুন ধারণা পাওয়া সম্ভব হয়, যা বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের জন্য উপকারী হতে পারে।
এদিকে নির্বাচন কমিশন আশা করছে, এই সফর বাংলাদেশের নির্বাচন প্রশাসনে আধুনিকায়নের ধারাকে আরও গতিশীল করবে এবং ভবিষ্যৎ নির্বাচনে প্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়াবে।
দেশবার্তা/এসআইএস