মাগুরার শ্রীপুরে ছাগলে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ ও বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার আমলসার গ্রামের পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আমলসার গ্রামের মসলেম শেখের স্ত্রী সাজেদা বেগমের একটি ছাগল প্রতিবেশী মোতাহারের জমির শাকসবজি খেয়ে নষ্ট করে। এই ঘটনাকে কেন্দ্র করে মোতাহারের ছেলে তরিকুলের সঙ্গে সাজেদা বেগমের পরিবারের সদস্যদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সাজেদা বেগমের পক্ষ নিয়ে সুমন শেখ নামের এক যুবক তরিকুলকে মারধর করলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ চলাকালে কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয় পক্ষের অন্তত আটজন আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন। তাঁরা বর্তমানে সেখানেই চিকিৎসাধীন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাগলে ফসল খাওয়া নিয়ে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ওসি আরও জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
প্রতিনিধি/একে