শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসির ২৫ বছর পূর্তি উপলক্ষে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক কর্মশালা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার রাজধানীর করপোরেট প্রধান কার্যালয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া হাসপাতাল ও ব্যাংকের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে থ্যালাসেমিয়া সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত উপস্থাপন করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মাফরুহা আক্তার (রুমানা)।
কর্মশালায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল্লাহ আল-মামুন, উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম ও মো. জাফর ছাদেক বক্তব্য দেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া একটি রক্তস্বল্পতাজনিত মারাত্মক বংশগত রোগ। বর্তমানে বাংলাদেশে প্রতিবছর প্রায় ১০ থেকে ১৫ হাজার শিশু এই রোগ নিয়ে জন্মগ্রহণ করছে। বাবা ও মা উভয়েই এই রোগের জিন বহন করলে সন্তানের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিয়ের আগে সচেতন হওয়া এবং পরীক্ষার মাধ্যমে রোগের বাহক কি না, তা নিশ্চিত হওয়া জরুরি। শুধুমাত্র সচেতনতাই থ্যালাসেমিয়া আক্রান্ত সন্তান জন্ম দেওয়া রোধ করতে পারে।
অনুষ্ঠানে ব্যাংকের কোম্পানি সচিব মো. আবুল বাশার, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি ও হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. এ কে এম একরামুল হোসাইন স্বপন, চিফ মেডিক্যাল অফিসার ডা. কবীরুল ইসলাম এবং ব্যাংকের মানবসম্পদ বিভাগের প্রধান এ কে এম হাসান রহিমসহ বিভিন্ন বিভাগের প্রধানেরা উপস্থিত ছিলেন।
রক্তদান কর্মসূচিতে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখা থেকে আসা কর্মকর্তারা স্বেচ্ছায় রক্তদান করেন।
দেশবার্তা/একে